স্পোর্টস ডেস্ক : দারুণ এক ম্যাচ উপহার দিলো বায়ার্ন মিউনিখ। বুন্ডেসলিগা শিরোপা ধরে রাখার অভিযানে শুভসূচনা করল দলটি। আক্রমণাত্মক ফুটবল খেলে স্টুটগার্টকে উড়িয়ে দিল ভেসোঁ কম্পানির দল।
আসরের উদ্বোধনী দিন শুক্রবার আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের জয় ৫-১ গোলে। ২১তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। জসুয়া কিমিখের কর্নারে চমৎকার হেডে গোলটি করেন দাইয়ু উপামেকানো। প্রথমার্ধে আর গোলের দেখা মেলেনি। বেশ কয়েকটি দারুণ সেভ করে বায়ার্নকে হতাশ করেন স্টুটগার্ট গোলরক্ষক।
৫২তম মিনিটে বক্সের ভেতর থেকে জোরাল ভলিতে দলকে সমতায় ফেরান ভাগনোমান। ৫৫তম মিনিটে কিমিখের থ্রু বল ফাঁকায় পেয়ে গোল করে বায়ার্নকে আবার এগিয়ে দেন মাইকেল ওলিসে। ৫৭তম মিনিটে আলফুঁস ডেভিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে পিছলে পড়ে দুর্ভাগ্যবশত আত্মঘাতী গোল করেন ভাগনোমান।
হ্যারি কেইনের পাস থেকে ওলিসে আরেকবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। দ্বিতীয়ার্ধে বদলি নামা ইসমায়েল সাইবারির নিঃস্বার্থ পাস থেকে ৮২তম মিনিটে বায়ার্নের চতুর্থ গোলটি করেন আলেকসান্দার পাভলোভিচ।
বুন্ডেসলিগায় অভিষেকে দলের পঞ্চম গোলেও সহায়তা করেন মরক্কোর ফুটবলার সাইবারি। যোগ করা সময়ে গোলটি করেন লুইস দিয়াস। নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম দুই ম্যাচে জিতল কম্পানির দল। গত সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের ট্রফি ধরে রাখে তারা।