মনিরুল ইসলাম : দেশের চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-এর ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।
শুভেচ্ছা জানানোর পর তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমের পাশাপাশি দীর্ঘদিন ধরে অবহেলিত এফডিসিকে একটি সঠিক গন্তব্যে পৌঁছে দিতে সরকারের আন্তরিক উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান নেতৃত্বের কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেশের চলচ্চিত্র শিল্প নতুন করে ঘুরে দাঁড়াবে।
মাসুমা রহমান তানি আরও উল্লেখ করেন, এফডিসি শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি বাংলাদেশের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র। আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং সময়োপযোগী পরিকল্পনার মাধ্যমে এ প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের সুদৃষ্টি ও সমন্বিত উদ্যোগ অপরিহার্য বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “আমাদের বিশ্বাস, সুদিন আসবেই—ইনশাআল্লাহ। সরকারের সহযোগিতা ও শিল্পসংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় এফডিসি আবারও তার হারানো গৌরব ফিরে পাবে।”
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এফডিসি এমডির এমন প্রত্যাশা দেশের চলচ্চিত্র খাতের বর্তমান বাস্তবতাকেই প্রতিফলিত করে। তারা বলছেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এ শিল্পকে টেকসই অবস্থানে নিয়ে যাওয়া এখন সময়ের দাবি।