এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলিতে অনলাইনে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি আবেদন জমা হয়েছে। ২৭ আগস্ট পর্যন্ত এ আবেদন করার সুযোগ পাবেন শিক্ষকরা।
আজ রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত আবেদনের এই সংখ্যা জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, দুইদিনে ৭ হাজার প্লাস আবেদন পড়েছে। আবেদনের সংখ্যা বাড়বে।
এর আগে গতকাল শনিবার সূত্র জানিয়েছিলো, গত শুক্রবার বেলা ১১টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষকরা ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করতে পারছেন।
গত ১৮ আগস্ট বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের (প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সব শিক্ষক) বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত) অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে উল্লিখিত নির্দেশনাবলি জারি করা হলো। জারিকৃত বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকরা Http://ngttdshe.teletalk.com.bd এই লিংকে তার মোবাইলে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আগামী ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন।
আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন।
আবেদনকারী শিক্ষক স্বামী, স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী, স্ত্রীর কর্মস্থল (শুধুমাত্র সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রী বোঝাবে) জেলায় বদলির আবেদন করতে পারবেন। বদলি সফটওয়্যারে প্রতিষ্ঠান থেকে দেয়া এ সংক্রান্ত তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
চাকরিতে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
সূত্র: দৈনিক শিক্ষাডটকম