ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. বাদল মাতবর।
তিনি বলেন, ‘বিকেলে হাসপাতাল প্রশাসন ও শাহবাগ থানার ওসির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা আমাদের দাবি মেনে নেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘটের ফলে সৃষ্ট পরিস্থিতি নিরসনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন মালিক সমিতির নেতারা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সমিতির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে ধর্মঘট স্থগিতের এই সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, ‘আগামী সাতদিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। হাসপাতাল হচ্ছে রোগীদের মূল সেবাকেন্দ্র। এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটুক, তা কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না।’
এর আগে ঢামেক হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সমিতি।