ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনার ক্যান্টন ১০-এ বিদেশী শ্রমিকদের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ও নেপাল। লিভনোতে অবস্থিত 'ক্যান্টনাল এমপ্লয়মেন্ট অফিস'-এর পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।২০২৫ সালে বিদেশী নাগরিকদের জন্য মোট ৫০টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছিল। এর মধ্যে ৪৪টি ছিল নতুন এবং ৬টি ছিল নবায়নকৃত, যার মেয়াদ ১ বছর।
সারাজেভো টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৫০টি ওয়ার্ক পারমিটের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি—৩৫টিই ইস্যু করা হয়েছে বাংলাদেশি কর্মীদের নামে। জার্মানি ও ক্রোয়েশিয়ার নাগরিকদের ৩টি করে; সার্বিয়া ও ব্রাজিলের ২ জন করে; এবং ভারত, কানাডা, হাঙ্গেরি ও স্লোভেনিয়ার ১ জন করে নাগরিক কাজের ভিসা পেয়েছেন।গত বছর সবচেয়ে বেশি কাজ মিলেছে নির্মাণ খাতে (২৫টি পারমিট) এবং কাঠ প্রক্রিয়াজাতকরণ বা উড প্রসেসিং শিল্পে (১২টি পারমিট)।
চলতি বছরের শুরু থেকে ২১ আগস্ট পর্যন্ত মোট ১৭টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে, এর মধ্যে ১২টি নতুন এবং ৫টি নবায়নকৃত। এই ১২টি নতুন পারমিটের মধ্যে ১১টিই পেয়েছেন নেপালের নাগরিকরা। বাকি ১টি পারমিট ক্রোয়েশিয়ার এক নাগরিককে দেওয়া হয়েছে।নেপালি শ্রমিকরা মূলত মাংস প্রক্রিয়াজাতকরণ (মিট প্রসেসিং) শিল্পে নিয়োজিত হয়েছেন।
ক্যান্টনাল এমপ্লয়মেন্ট সার্ভিস-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, বিগত কয়েক বছর ধরে পুরো ইউরোপীয় শ্রমবাজারেই বিদেশী কর্মী নিয়োগের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।