মনিরুল ইসলাম : ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ ফরম্যাট) জটিলতা কাটিয়ে ঈদের সিনেমা ' প্রিন্স ' ষ্টার সিনেপ্লেক্সেসহ সারাদেশে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৩৫ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। এমনটাই জানালেন ছবির প্রযোজক শিরিন সুলতানা।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ। সার্ভার সমস্যার সমাধান হয়েছে। সিনেমাপ্রেমিরা ষ্টার সিনেপ্লেক্সে এর সব হলে প্রিন্স দেখতে পাচ্ছেন। আশা করি সিনেপ্লেক্সে কর্তৃপক্ষের সহায়তায় ছবি দর্শকরা দেখে আনন্দ উপভোগ করবেন।
এদিকে, স্টার সিনেপ্লেক্সের এজিএম (মিডিয়া ও মার্কেটিং) মেসবাহউদ্দিন আহমেদ আজ শুত্রুবার সকালে আলাপকালে জানান, গতপরশু থেকে নিয়মিতভাবে প্রিন্স এর শো চলছে।
তিনি বলেন, প্রথমে ডিসিপি নিয়ে জটিলতা দেখা দেয়। প্রযোজনা প্রতিষ্ঠান তা ঠিক করে ডিসিপি সরবরাহ করলে একটি শো পরীক্ষামূলকভাবে চালানো হয়। পরে জটিলতা নিরসন হলে আমরা আমাদের প্রতিটি সিনেপ্লেক্সে ইউনিটিতে পাঠাই। এখন চলছে।
তিনি একটু ক্ষোভের সুরে বলেন, অনেকেই অভিযোগ করেন ষ্টার সিনেপ্লেক্সে শাকিব অভিনীত ছবি চালাতে গড়িমসি করা হয়। তা সর্বৈবই মিথ্যা। সত্য নয়। আপনি খেয়াল করে দেখবেন। বিগত দিনগুলো শাকিবের ছবি বেশি ষ্টার সিনেপ্লেক্সেই চলেছে বেশি। এবার সার্ভার জটিলতার কারণে ঈদের দিন থেকে ছবি চালানে সম্ভব হয়নি।
তিনি বলেন, আমরা সবসময় দেশীয় সিনেমাকে প্রধান্য দিয়ে আসছি। দিয়ে যাবো।
অন্যদিকে, কুমিল্লা ক্যান্টনমেন্টের গোমতী টাওয়ারের সপ্তম তলায় নির্মিত আধুনিক সিনেপ্লেক্স ‘কে- স্ক্রিন' এর কর্নধার ও বাংলাদেশ প্রযোজক - পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ঈদের দিন প্রথম শো চলার কথা ছিলো ' কে- স্ক্রিন'য়ে। দর্শক সমাগমই হয়েছিলো প্রচুর। তবে প্রিন্স এর সার্ভার সমস্যা আমরা শো চালাতে পারিনি। একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। দর্শকরা টাকা দিয়ে টিকেট কেটে সার্ভার জটিলতার কথা কি তারা শুনবেন। এতে সিনেপ্লেক্সে নিয়ে নেতিবাচক ধারনা তৈরি হয়। এখন সমস্যা কাটছে তবে এই ধকল কাটিয়ে উঠতে সময় লাগছে।
তিনি বলেন, প্রথম থেকে ডিসিপি বিষয়টি দিকে সর্তক দৃষ্টি দিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না বলে আমার মনে হয়।
জানা গেছে, নির্ধারিত সময়ে পরিবেশক ডিসিপি না দেওয়ায় এবং ডিসিপি সংক্রান্ত জটিলতার কারণেই দর্শকদের চাহিদা থাকা সত্ত্বেও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ছবিটি চালাতে পারেনি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘প্রিন্স’ মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এ তালিকায় স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখাও ছিল।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় জানায়, ‘স্টার সিনেপ্লেক্সে তৃতীয়বারের মতো ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ ফরম্যাট) জমা দেওয়ার পরও তাদের সার্ভারের সঙ্গে এখনো সঠিকভাবে ম্যাচ করছে না। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করছি।
নব্বই দশকের পটভূমিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘প্রিন্স’। এর ট্যাগলাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এতে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন সুপারষ্টার শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। নেতিবাচক চরিত্রে পর্দায় এসেছেন বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া আছেন পশ্চিমবঙ্গের পিয়ান সরকার, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজসহ অনেকে। বাংলাদেশ, ভারতের রাজস্থান ও শ্রীলঙ্কার কলম্বোতে এর শুটিং হয়েছে। আবহ সংগীত পরিচালনায় আরাফাত মহসীন নিধি।
শিরিন সুলতানা প্রযোজিত ২ ঘণ্টা ২৯ মিনিট দৈর্ঘ্যের ছবিটির নির্মাতা আবু হায়াত মাহমুদ। ' প্রিন্স' তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। তার সঙ্গে মিলে গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন।