কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার গেজেট প্রকাশ করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিশোরগঞ্জ-৩ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তারে পাঠানো হয়েছে।
সংবিধানের বিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হওয়ার পরবর্তী নির্ধারিত সময়ের মধ্যে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী নির্বাচন কমিশন শিগগিরই কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বলে জানা গেছে।
এর আগে জাতীয় সংসদে আজ ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি অবগত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর ২০২৬ তারিখ হতে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্ব-স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন।
স্পিকার বলেন, পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করেছি।
আসনটি শূন্য হওয়ার বিষয়টি জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী এই মহান সংসদকে অবহিত করা হলো।