শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে আধা ঘণ্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন কাটাবন-শাহবাগ সড়কের পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২০ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বিক্ষোভ শুরু হওয়ার পর রাত ১০টা ১৮ মিনিটের দিকে গেটটি খুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনে জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল ও মাস্টারদা সূর্যসেন হলসহ আশপাশের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আক্তারুজ্জামান এবং সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক ড. এনামুল হক সজীবের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে শিক্ষার্থীদের দাবির মুখে গেটটির তালা খুলে দেওয়া হয়। গেট খুলে দেওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, হলপাড়াসহ কয়েকটি আবাসিক হলের হাজারো শিক্ষার্থীর যাতায়াতের অন্যতম প্রধান পথ এই পকেট গেট। আগে কাটাবন, আজিজ সুপার মার্কেট ও শাহবাগ এলাকা থেকে আসা যানবাহনগুলো সরাসরি এই গেটের সামনে শিক্ষার্থীদের নামিয়ে দিতে পারত। কিন্তু গেটটি বন্ধ থাকায় শাহবাগ মোড় ঘুরে কেন্দ্রীয় মসজিদ, কলাভবন ও মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে হলে প্রবেশ করতে হচ্ছিল। এতে টিউশনি, জরুরি ওষুধ ও খাবার সংগ্রহের ক্ষেত্রে প্রতিবার অতিরিক্ত ৬০ থেকে ৮০ টাকা রিকশাভাড়া এবং হেঁটে যাতায়াতে আধা ঘণ্টার বেশি সময় ব্যয় হচ্ছিল।
আন্দোলন শেষে জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম জানান, প্রশাসন শিক্ষার্থীদের সামনে তিনটি বিষয়ে আশ্বাস দিয়েছে। এগুলো হলো, কেন্দ্রীয় প্রশাসনের তত্ত্বাবধানে পকেট গেটে স্থায়ীভাবে একজন প্রহরী নিয়োগ, শিক্ষার্থীদের ভোগান্তি সৃষ্টি করে এমন সিদ্ধান্ত না নেওয়া এবং শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া।
তিনি বলেন, প্রশাসনের ফ্যাসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষায় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছেন। সচেতনভাবে ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই শিক্ষার্থীদের শোষণ করতে পারবে না। আজকের আন্দোলনের সফলতা কেবল শিক্ষার্থীদের। পুরো আন্দোলনে কোনো বিশৃঙ্খলা বা হট্টগোল হয়নি বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয় সভায় নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।