শিরোনাম
◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা!

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৭ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালো ব্যাংকের রেকর্ড মুনাফা, মন্দ ব্যাংকের লোকসান আরও বেড়েছে

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ২৩টি ব্যাংক চলতি বছরের প্রথম ৯ মাসে সম্মিলিতভাবে ৯ হাজার ৬৫৭ কোটি টাকা নিট মুনাফা করার তথ্য দিয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। অন্যদিকে এ সময়ে ৮টি ব্যাংকের লোকসান হয়েছে ১৩ হাজার ৪০৮ কোটি টাকা। মন্দ আট ব্যাংকের লোকসানই পুরো ব্যাংক খাতের চিত্র বদলে দিয়েছে। ফলে সম্মিলিতভাবে ব্যাংক খাতের লোকসান পৌনে চার হাজার কোটি টাকা।

লোকসানি ব্যাংকগুলোর প্রায় সবগুলোই অলিগার্কদের হাতে পড়ে আর্থিক অবস্থা খারাপ হয়েছে। ব্যাংকগুলোর ব্যাংকিং আইন ও প্রচলিত রীতিনীতি মেনে না চলায় খেলাপি ঋণ বেড়েছে। এর মধ্যে অনেক ব্যাংকের মালিকরা বেনামে ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন, যা এখন কাগজে-কলমে খেলাপি হিসেবে দেখানো হচ্ছে। 

হাজার কোটি টাকার বেশি মুনাফা দুই ব্যাংকের

দুটি ব্যাংকের নিট মুনাফা হাজার কোটি টাকার বেশি হয়েছে। এর মধ্যে এক হাজার ৭৬৩ কোটি টাকার মুনাফা নিয়ে শীর্ষে ব্র্যাক ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ছিল এক হাজার ২১১ কোটি টাকা। মুনাফা বেড়েছে ৪৫ শতাংশের বেশি। দ্বিতীয় ব্যাংকটি হলো দেশের বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাংক পূবালী। এ বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির মুনাফা বেড়ে এক হাজার ৫৮৫ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বেশি। গত বছর এ সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৯১০ কোটি টাকা।

Advertisement

টাকার অঙ্কে নিট মুনাফায় এর পরের অবস্থানে থাকা সিটি ব্যাংক ৮৬৮ কোটি টাকা (প্রবৃদ্ধি ২০%), প্রাইম ব্যাংক ৬৮৫ কোটি টাকা (প্রবৃদ্ধি প্রায় ৯%) এবং ইস্টার্ন ব্যাংক ৬৭৪ কোটি টাকা (প্রবৃদ্ধি ১৫%) নিট মুনাফা করেছে। এর পরের অবস্থানে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের মুনাফা বেড়ে ৬২৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ ছাড়া যমুনা ব্যাংক ৫০২ কোটি টাকা, ব্যাংক এশিয়া ৪৫১ কোটি টাকা, শাহ্জালাল ইসলামী ব্যাংক ৪৪৫ কোটি টাকা এবং উত্তরা ব্যাংক ৪৩১ কোটি টাকা নিট মুনাফা করে ব্যাংক খাতে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরেছে।

সার্বিক মুনাফায় থাকলেও সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ বৃদ্ধি এবং পরিচালন মুনাফা ও সহযোগী প্রতিষ্ঠানের আয় কমার কারণে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ইউসিবির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা কমেছে।

ইসলামী ব্যাংকেরই লোকসান তিন হাজার কোটি

উচ্চ খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি ও তীব্র তারল্য সংকটে থাকা আট ব্যাংকের বড় অঙ্কের লোকসানের তথ্য মিলেছে। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে এসব ব্যাংকের সম্মিলিত নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল সাত হাজার ৭৯ কোটি টাকা।

শুধু ইসলামী ব্যাংকই বছরের প্রথম ৯ মাসে নিট তিন হাজার ২৮৬ কোটি টাকা রেকর্ড লোকসানের তথ্য দিয়েছে। গত বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটি ১০০ কোটি টাকা মুনাফা করার তথ্য দিয়েছিল। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশনিং বাড়ায় ন্যাশনাল ব্যাংক তিন হাজার ১৭ কোটি টাকা, এবি ব্যাংক দুই হাজার ৮১৮ কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংক দুই হাজার ৫০৬ কোটি টাকা নিট লোকসান করার তথ্য প্রকাশ করেছে। এ ছাড়া রূপালী ব্যাংক ৯৪৮ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক ৫৫৮ কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ১৫৬ কোটি টাকা এবং আইসিবি ইসলামিক ব্যাংক ৭১ কোটি টাকা নিট লোকসান করেছে।

ভালো পারফর্ম করা ২৩টি ব্যাংকের অর্জিত মুনাফাকে ছাপিয়ে ৮টি ব্যাংকের এই বিশাল অঙ্কের লোকসানের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের সম্মিলিত নিট ফলাফল ঋণাত্মক হয়ে পড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে পুরো খাতের সমন্বিত নিট লোকসান দাঁড়িয়েছে তিন হাজার ৭৫১ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে ব্যাংক খাতের নিট মুনাফা ছিল ১২৫ কোটি টাকা।

লোকসানি ব্যাংকের ব্যাখ্যা

ইসলামী ব্যাংক আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে, অতীত থেকে চলে আসা বৃহৎ ঋণের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর অর্থ আত্মসাৎ ও জালিয়াতির কারণে খেলাপি বিনিয়োগের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। আইনি বাধ্যবাধকতার কারণে অর্জিত আয় ব্যাংকটি নিজস্ব আয় হিসেবে হিসাবভুক্ত করতে পারেনি। পাশাপাশি আমানত ভিত্তি কমলেও আমানতকারীদের মুনাফা পরিশোধের ব্যয় বেড়েছে।

লোকসানের ব্যাখ্যায় ন্যাশনাল ব্যাংক বলেছে, অনাদায়ী ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বিশাল অঙ্কের ঋণ ও অগ্রিমের ওপর অর্জিত সুদ আয় হিসেবে গ্রহণ করা সম্ভব হয়নি। অন্যদিকে গ্রাহকের আমানত ও নেওয়া ধারের ওপর সুদের ব্যয় বহুলাংশে বেড়েছে।

আইএফআইসি ব্যাংক তাদের আর্থিক প্রতিবেদনে জানিয়েছে, খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যাংকের সম্পদের গুণগত মান  মারাত্মকভাবে খারাপ হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক বলেছে, সমস্যাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিশেষ নীতিগত সুবিধা দেওয়ার কারণে তাদের বিনিয়োগ থেকে আয় প্রায় ২৫৬ কোটি টাকা কমার কারণে লোকসান হয়েছে। পাশাপাশি কমিশন, মুদ্রা বিনিময় ও ব্রোকারেজ খাত থেকে আয় কমেছে পৌনে ৬৭ কোটি টাকা। একই সময়ে আমানতের বিপরীতে সুদের ব্যয় ও পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় লোকসানের মুখে পড়েছে।

সূত্র : সমকাল 

  • সর্বশেষ