সাইবার হামলার আশঙ্কায় তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি ব্যবহার করা যাচ্ছে।
গত বৃহস্পতিবার সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইটটি আবার চালু হয়েছে।
এদিকে ওয়েবসাইট বন্ধ রাখার পেছনে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি কাজ করেছে। সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই এবং ঝুঁকি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়। এ পরিস্থিতিতে সম্ভাব্য হ্যাকিংয়ের ঝুঁকি এড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান সতর্কতা জোরদার করে।