কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে অভিযানে ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাদের কক্সবাজার শহরের কলাতলি, বাঁশখালী উপজেলার বৈলছড়ি ও জলদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাঁশখালী থানা সুত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর রাতে কক্সবাজার সদর থানাধীন কলাতলী সী প্যালেস হোটেল হতে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ হোসেন (২০)কে গ্রেফতার করা হয়। একই দিনে সকালে বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক ও বাঁশখালী সরকারী আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউদ্দিন আকাশ (২২), ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম (২১),এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য হাসিবুল ইসলাম তানভীর (১৬),কে গ্রেফতার করা হয়। একই অভিযানের উপজেলার বৈলছড়ি পাহাড়ী এলাকা থেকে বাঁশখালী পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওন (২২)কে গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলা সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।