শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৯:৪০ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহিংসতা ও গুম-খুনের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল আ.লীগ: শামা ওবায়েদ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে এবং ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের প্রমাণ সামনে এসেছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জয়বাংলা মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শামা ওবায়েদ আওয়ামী লীগের অতীত রাজনীতি ও সহিংসতার সমালোচনা করে বলেন, “লগি-বৈঠার রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি এবং সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করেছিলেন, অথচ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেই বার্ন ইউনিটে পাঠানো হতো। পরে আবার ক্যামেরা নিয়ে সেই ঘটনাগুলো ধারণ করতে যেতেন তারা।”

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বিদেশে বসে আপনারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ, গুম, খুনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুন করে তাদের পরিবারের বুক খালি করেছেন। এখন নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।”

Advertisement

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কেউ তাকে দেশ ছেড়ে পালানোর দাবি জানায়নি। তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।”

দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, “বর্তমানে দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগও আবার বাড়ছে। এসব অগ্রগতি আওয়ামী লীগের ভালো লাগছে না।”

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, “দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্প। এ খাতে লাখো নারী শ্রমিক কাজ করে পরিবার চালান এবং সন্তানদের লেখাপড়ার খরচ বহন করেন। অথচ এ খাতকে অস্থিতিশীল ও ধ্বংস করার চেষ্টা চলছে। সরকার শ্রমিকদের পাশে রয়েছে এবং তাদের দাবি-দাওয়া পূরণে অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও যোগ করেন, পোশাকশিল্পে অশান্তি সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা প্রমাণ করে যে, তারা শুধু রাজনৈতিকভাবে পরাজিত নয়, বরং দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থেরও বিরোধী। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে এবং তারা আর অতীতের মতো কোনো রাজনৈতিক শক্তির কথায় পরিচালিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ এবং সদস্য সচিব এনায়েত হোসেন প্রমুখ।

  • সর্বশেষ