শিরোনাম
◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩৪ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ২২ নভেম্বর শুরু হচ্ছে পর্যটন কার্নিভাল, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : দেশের পর্যটন রাজধানী কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের অবস্থানকাল বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল শৈবালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে কার্নিভালের নানা তথ্য তুলে ধরে কথা বলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।

আয়োজকরা জানান, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত হিসেবে পরিচিত কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। পর্যটকদের জন্য বিনোদন, সংস্কৃতি, খেলাধুলা, অ্যাডভেঞ্চার ও জ্ঞানচর্চার সমন্বয়ে সাজানো হচ্ছে উৎসব প্রাঙ্গণ। এতে দেশি-বিদেশি পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণেরও সুযোগ থাকবে।

Advertisement

বাংলাদেশ পর্যটন করপোরেশন আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী কার্নিভাল বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যটকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে কার্নিভাল প্রাঙ্গণে থাকছে ১৫টি বিশেষ জোন। এর মধ্যে ওয়েলনেস জোনে শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা, এক্সপেরিয়েন্স জোনে রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং ক্যাম্পিং জোনে সমুদ্রের সান্নিধ্যে রাতযাপনের সুযোগ থাকবে।

এ ছাড়া ওপেন থিয়েটার জোনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ওপেন লাইব্রেরি অ্যান্ড টেলিস্কোপ জোনে বই পড়া ও রাতের আকাশ পর্যবেক্ষণ, মার্কেট জোনে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শন ও বিক্রি এবং এক্সিবিশন জোনে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হবে।

শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে কিডস জোন ও গেমিং জোন। ফুড জোনে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের পাশাপাশি দেশি-বিদেশি নানা পদের খাবার পাওয়া যাবে। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য গো-কার্ট ও স্পোর্টস জোনে থাকবে গো-কার্টিং, বিচ স্পোর্টসসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ।

পাশাপাশি এম্পিথিয়েটার জোনে দেশীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, বালু ভাস্কর্য জোনে দেশি-বিদেশি শিল্পীদের তৈরি বালু ভাস্কর্য এবং আর্ট জোনে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। সমুদ্রসৈকতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সি-ভিউ বারবিকিউ জোন।

শুধু সৈকতকেন্দ্রিক আয়োজনই নয়, হোটেল শৈবালের অভ্যন্তরে অবস্থিত পুকুরের চারপাশেও দৃষ্টিনন্দন সাজসজ্জা ও নানা বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রাখা হচ্ছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামী ২২ নভেম্বর থেকে পূর্ণাঙ্গভাবে কার্নিভালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে,পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন,কক্সবাজারে পর্যটকদের আগমন বাড়লেও অনেকেই স্বল্প সময় অবস্থান করে ফিরে যান। পর্যটকদের জন্য বৈচিত্র্যময় বিনোদনের সুযোগ সৃষ্টি করা গেলে তাঁদের অবস্থানকাল বাড়বে। এতে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

তাঁরা আরও বলেন, এ ধরনের বৃহৎ আয়োজন কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর, কক্সবাজার পর্যটন কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সরওয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বক্তব্য দেন পর্যটন কার্নিভালের মিডিয়া সমন্বয়ক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী এবং কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।

কার্নিভাল সফল করতে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং কক্সবাজারের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘ সময়ব্যাপী এ পর্যটন কার্নিভাল কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে এবং আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারের পরিচিতি আরও বিস্তৃত করবে।

  • সর্বশেষ