মিজান লিটন : মা ইলিশ সংরক্ষণে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরতে নামছেন চাঁদপুরের জেলেরা। দীর্ঘ বিরতির পর নৌকা মেরামত ও জাল প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত চলা নিষেধাজ্ঞা শেষে নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশায় রয়েছেন তাঁরা।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, প্রায় ৯০ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছে বলে তাঁদের ধারণা। তিনি জেলেদের জাটকা আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
চাঁদপুর নৌ থানার ওসি মো. আজমগীর হোসাইন জানান, অভিযানে ১৩০টি মামলা, ৪৩০ জন আটক, ৩ কোটি ২০ লাখ মিটার অবৈধ জাল, ১ হাজার ৩২০ কেজি মাছ ও ৭৭টি নৌকা জব্দ করা হয়েছে।মোবাইল করে ১২ হাজার ৭০০/- আদাই করা হয়। এ ছাড়া ৪০টির বেশি নৌকা বিনষ্ট করা হয়েছে।
জেলেদের প্রত্যাশা, নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা পড়লে দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তাঁরা।