স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত ছন্দে বাংলাদেশ। শেষ আটের লড়াইয়ে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে দলটি। জোড়া গোল করেছেন পাভেল হাসান। অন্য দুটি গোল মোহাম্মদ বায়েজিদ ও শিবাক কুমার মালির।
বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে ই-টায়ারের কোয়ার্টার-ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। নবম মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। প্রথমার্ধে আর গোল না হলেও বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি তারা।
দ্বিতীয়ার্ধে পাভেল হাসানের জোড়া গোলে বড় জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। তাঁর দুই গোলের মাঝে ব্যবধান বাড়ান শিবাক কুমার মালি। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দল।
এই জয়ে টুর্নামেন্টে আট ম্যাচে চতুর্থ জয় পেল বাংলাদেশ। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে শুরু করা দলটি পরের ম্যাচে পর্তুগালের কাছে হারে ৩-১ গোলে। এরপর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ ড্র এবং বুরুন্ডির কাছে ২-০ গোলে হারের পর ফিজিকে ৩-১ গোলে হারায় তারা।
নকআউট পর্বে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ বত্রিশের লড়াইয়ে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে দল। শেষ ষোলোতে সিঙ্গাপুরের বিপক্ষেও নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ। এবার মন্টেনেগ্রোকে উড়িয়ে দিয়ে নিশ্চিত করল সেমিফাইনাল।