মনিরুল ইসলাম : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাপানের টোকিও থেকে ঢাকাগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইটে বিলম্ব হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে এ ত্রুটি দেখা দেয়।
জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যায়। তবে উড্ডয়নের আগেই রানওয়েতে থেমে যায় সেটি। প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল যাত্রীদের উদ্দেশে ঘোষণা দিয়ে জানান, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না।
পাইলট আরও জানান, উড়োজাহাজের ত্রুটি শনাক্ত ও মেরামতের জন্য দুই প্রকৌশলী কাজ করছেন। সমস্যার সমাধান হলে পুনরায় যাত্রা শুরু করা হবে। পরে উড়োজাহাজটি রানওয়ে থেকে ফিরিয়ে টারমাকে নেওয়া হয়।
উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যরা রয়েছেন। তবে কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি ঠিক কতক্ষণ বিলম্বিত হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিও থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর জাপান সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে দেশে ফেরার পথে উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তাঁর প্রত্যাবর্তন বিলম্বিত হয়েছে।
উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামত এবং পরবর্তী যাত্রা শুরুর বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিলম্বের প্রকৃত সময় ও ফ্লাইটের নতুন সূচি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তথ্য সূত্র : ইউএনবি