হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন। একই সাথে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে তাদের আটক করা হয়।
আটক সার ডিলারের নাম এ কে এম ইলিয়াস হাওলাদার। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং বিসিআইসি অনুমোদিত সার ডিলার।
পুলিশ ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সন্দেহজনকভাবে চলাচল করা সারবোঝাই একটি ট্রাক আটকে দেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তল্লাশি চালিয়ে ট্রাকে ২৫০ বস্তা সরকারি সার পাচারের প্রমাণ পেয়ে সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন জানান, খবর পেয়ে ২৫০ বস্তা সারসহ দুজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সার ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তিরা ও জব্দ করা সার থানা হেফাজতে রয়েছে। পাচারের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।