হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অপর একটি বাসের ধাক্কায় নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার তারাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস নামের একটি বাস তারাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা শ্যামলী পরিবহনের অপর একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে উভয় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান চলাচল স্বাভাবিক করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইনামুল হাসান বলেন, "দুটি বাসই ঢাকার দিক থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল এক্সপ্রেসের পেছনে শ্যামলী পরিবহন সজোরে ধাক্কা দিলে কয়েকজন যাত্রী আহত হন। পরবর্তীতে উভয় বাসের মালিক ও প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মীমাংসা করে নেওয়ায় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।"