হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর শহরজুড়ে ব্যাপক সড়ক প্রচার ও মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পৌর এলাকা ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এ সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়।
প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়, মুজিব সড়ক, ভাঙা রাস্তার মোড়, গোয়ালচামট, আলফাপুর, এবং বাসস্ট্যান্ড এলাকাসহ প্রধান প্রধান সড়কে মাইকিং করা হয়। এর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের উপায় সংক্রান্ত বর্ণিল তথ্যপত্র ও লিফলেট বিতরণ করেন তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ।
সড়ক প্রচার চলাকালে বক্তারা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রধান বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। সাধারণ মানুষকে বসতবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানানো হয়। বিশেষ করে ফুলের টব, টায়ার, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও এয়ার কন্ডিশনারে যেন তিন দিনের বেশি সময় পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। সংক্রামক এ ব্যাধি রোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করা হয়।
একই সাথে যেকোনো সময় জ্বর, শরীরে বা হাড়ে প্রচণ্ড ব্যথা, চোখের পেছনে ব্যথা কিংবা র্যাশ উঠার মতো উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতাল বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানানো হচ্ছে।
জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মোজাম্মেল হক জানান, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবৃদ্ধি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এ পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ থেকে শহরবাসীকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে প্রচার জোরদার করা হয়েছে। সাধারণ জনগণ সচেতন না হলে কেবল কীটনাশক ছিটিয়ে বা সরকারি উদ্যোগে এ মহামারি প্রতিরোধ করা সম্ভব নয়। আগামী দিনগুলোতেও ফরিদপুরের বিভিন্ন উপজেলা ও গ্রামীণ পর্যায়ে পর্যায়ক্রমে এ প্রচার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা তথ্য অফিস।