হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : নিজস্ব মালিকানাধীন জমিতে থাকা গাছ কাটার ক্ষেত্রেও সরকারের বন বিভাগের পূর্বানুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া গাছ কাটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন।
সম্প্রতি উপজেলা প্রশাসন কর্তৃক জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬’-এর বিধান অনুযায়ী এখন থেকে নিজ জমিতে রোপণ করা বা থাকা গাছ কাটতেও স্থানীয় বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা তথা বিভাগীয় বন কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। নিয়ম না মেনে অননুমোদিতভাবে গাছ কাটা হলে অপরাধীর বিরুদ্ধে উক্ত আইনের ১০ ধারা মোতাবেক সরাসরি মামলা দায়ের করার বিধান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনুর জামান বলেন, সামাজিক বনায়ন রক্ষা, যত্রতত্র বৃক্ষ নিধন প্রতিরোধ এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, নিজ মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রে সরকারি নিয়মকানুন সম্পর্কে জনগণকে সচেতন করতেই অডিও ক্লিপ সহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
এ প্রসঙ্গে ফরিদপুর সামাজিক বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন জানান, পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এ ধরনের নির্দেশনা কার্যকর করা হচ্ছে। এর আগে চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলেও সমমানের সরকারি নির্দেশ বাস্তবায়িত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।