মনিরুল ইসলাম : রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা টিকাদান কেন্দ্রটি সন্ত্রাসীদের হামলা ও দখলের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার নারী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় কেন্দ্রটির পুনঃসংস্কার কার্যক্রম শুরু হয়।
টিকাদান কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে এমপি তুলির উদ্যোগে অস্থায়ীভাবে টেবিল, চেয়ার ও প্রয়োজনীয় পর্দার ব্যবস্থা করা হয়েছে। এতে স্থানীয় জনগণ জরুরি টিকাসেবা গ্রহণ করতে পারছেন।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশনায় পরিচ্ছন্নতাকর্মীরা কেন্দ্রটির ধ্বংসস্তূপে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে কাজ শুরু করেছেন। ফলে দ্রুত এলাকা পরিষ্কার করে পুনর্গঠনের উপযোগী করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অতি দ্রুত টিকাদান কেন্দ্রটি পুনর্নির্মাণ করে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষের টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা এবং নিরাপদ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত পুনর্গঠন কাজ সম্পন্ন হলে কেন্দ্রটি আগের মতোই পূর্ণ সক্ষমতায় সেবা দিতে পারবে।