সাইফুর রহমান : কোনও দেশের সামরিক বা রাজনৈতিক নেতৃত্বকে নিষিদ্ধ করার ঘটনা ফেসবুকের জন্য এটাই প্রথম। সবমিলিয়ে মিয়ানমারের সঙ্গে সংশ্লিষ্ট ১৮টি অ্যাকাউন্ট ও ৫২টি পেইজ সরিয়ে ফেলে ফেসবুক, যাদের অনুসারীর সংখ্যা প্রায় এক কোটি বিশ লাখ। বিবিসি, টাইম.কম
এ বিষয়ে ফেসবুক জানায়, নিষিদ্ধ অন্য পেইজগুলোর মতো সেনাপ্রধান মিন অং হ্ণাইংয়ের পেইজ থেকেও জাতিগত ও ধর্মীয় উস্কানি দেয়া হয়েছে। বার্তাসংস্থা এএফপি জানায়, মিয়ানমার সেনাপ্রধানের দু’টি অ্যাকাউন্ট ছিলো ফেইসবুকে। দু’টি অ্যাকাউন্টে সর্বমোট অনুসারীর সংখ্যা ছিলো ৪১ লাখ। মিয়ানমারের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় সেনাপ্রধান খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব। একটি ফেসবুক পোস্টে তিনিও রোহিঙ্গাদের ‘বাঙ্গালী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, রোহিঙ্গা শব্দটিই একটি বানানো শব্দ।
দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই অ্যাকাউন্টগুলো নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। অ্যাকাউন্টগুলো পুনরায় চালুর বিষয়ে ফেইসবুকের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি।
মিয়ানমারে ফেসবুকই সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশটিতে যার ব্যবহারকারী রয়েছে প্রায় এক কোটি আশি লাখ। বেশিরভাগ ব্যবহারকারী মনে করেন, ফেসবুকই ইন্টারনেট এবং এটাই ঘৃণা ছড়ানোর কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল