স্পোর্টস ডেস্ক: ক্রিকেটকে হাতিয়ার করে প্রতিবেশী নেপালের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে ভারত। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সোমবার দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে নেপালের ক্রিকেট উন্নয়নে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে ক্রিকেট পরিকাঠামো উন্নয়ন ও দক্ষ খেলোয়াড় তৈরিতে সাহায্যের কথা জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সহযোগী সদস্য নেপাল। বিশ্ব ক্রিকেটের প্রতিযোগিতায় প্রতিষ্ঠিত দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে তারা। সম্প্রতি যুব এশিয়া কাপে ভারতের মুখোমুখি হয়ে মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল নেপাল। সেই নেপালের ক্রিকেটের ভিত শক্ত করতে এবার পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মোদি। ---- সূত্র, সংবাদপ্রতিদিন
যৌথ সাংবাদিক সম্মেলনে মোদি বলেন, ‘খেলাধুলো, বিশেষ করে ক্রিকেটে নেপালের পরিকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে আমরা সাহায্য করব।’ পাশাপাশি ‘বিকশিত ভারত’ ও ‘সমুন্নত নেপাল’-এর একসঙ্গে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি।
নেপালে ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তরুণ প্রজন্মের মধ্যে এই খেলার প্রতি আগ্রহ যেমন বাড়ছে, তেমনই নেপাল প্রিমিয়ার লিগেও অংশ নিচ্ছেন বিদেশি তারকা ক্রিকেটাররা। ফলে নেপালের ক্রিকেট পরিকাঠামোয় ভারতের সহযোগিতা দুই দেশের ক্রীড়া সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। অতীতে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারত। এবার নেপালের ক্রিকেটের ক্ষেত্রেও কি আরও বড় সহযোগিতার পথে হাঁটবে বিসিসিআই?
উল্লেখ্য, দু’দিনের সফরে রবিবার দিল্লিতে পৌঁছেছেন বালেন্দ্র শাহ। বৈঠকে দুই দেশের সম্পর্কের গভীরতার কথাও তুলে ধরেছেন মোদি। তাঁর কথায়, ভারত ও নেপাল শুধু প্রতিবেশী নয়, দুই দেশের মধ্যে রয়েছে নিবিড় আস্থার সম্পর্ক। আনন্দের পাশাপাশি চ্যালেঞ্জও ভাগ করে নেয় দুই দেশ। কঠিন সময়েও একে অপরের পাশে থাকে ভারত ও নেপাল।