স্পোর্টস ডেস্ক: রাজনীতির বেড়াজাল পেরিয়ে ফের ক্রিকেটের মাঠে নিয়মিত মুখোমুখি হোক ভারত-পাকিস্তান। দুই দেশের রাজনৈতিক মতপার্থক্যকে খেলার বাইরে রাখার আহ্বান জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। তাঁর মতে, ক্রিকেট দুই দেশের মধ্যে দূরত্ব কমিয়ে সম্পর্কের সেতু তৈরি করতে পারে। তাই রাজনৈতিক সিদ্ধান্তের ঊর্ধ্বে উঠে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ ফেরানো উচিত।
সম্প্রতি যুব এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। মাঠের লড়াই ছাপিয়ে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও নজর কেড়েছিল। এমন পরিস্থিতিতে ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে সরব হলেন সিধু। সংযুক্ত আরব আমিরশাহির আইএল টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ‘দয়া করে খেলায় মনোযোগ দিন, রাজনীতিতে নয়।
সিধুর মতে, দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপর। তিনি বলেন, ‘সরকার সব সময় রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, সেটাও সরকারই ঠিক করে। কিন্তু যখন দুই দেশের সম্পর্ক ভালো হবে, সম্প্রীতি বাড়বে, তখন আবার সরকারই বলবে ক্রিকেটের মাধ্যমে দুই দেশকে এক করতে।
যুব এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের উত্তেজনার প্রসঙ্গও উঠে আসে সিধুর কথায়। তাঁর মতে, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলে ক্রিকেটের মাঠেও তার প্রভাব পড়ে। আবার সম্পর্কের বরফ গললে ক্রিকেটই হয়ে উঠতে পারে দুই দেশের মধ্যে সেতুবন্ধনের মাধ্যম। সিধুর কথায়, ‘যে দু’জনের সম্পর্ক জোড়া লাগায়, সে মানুষের ভালোবাসা পায়। আর যে সম্পর্ক নষ্ট করে, তার কপালে অপমান জোটে। ক্রিকেট সম্পর্ক জোড়া লাগায়, দুই দেশের মধ্যে সেতু তৈরি করে।’
উল্লেখ্য, ২০১২-১৩ মরসুমের পর আর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। শেষবারের সেই সফরে এক দিনের সিরিজ জিতেছিল মিসবা-উল-হকের পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল ১-১ ব্যবধানে ড্র।
মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় দল। পাকিস্তানে আইসিসির প্রতিযোগিতা খেলতেও আপত্তি রয়েছে বিসিসিআইয়ের। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের জেরে সাম্প্রতিক সময়ে আইসিসির একাধিক প্রতিযোগিতায় হাইব্রিড মডেলে খেলতে হয়েছে ভারত-পাকিস্তানকে। এই পরিস্থিতিতে সিধুর দ্বিপাক্ষিক সিরিজ ফেরানোর দাবি নতুন করে আলোচনায় আনল দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের প্রসঙ্গ।