স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য শেষ দিন ভারতের প্রয়োজন ছিল আট উইকেট। অন্যদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল উইকেট আগলে রেখে হার এড়ানো। শেষ পর্যন্ত স্বাগতিকদের দৃঢ় প্রতিরোধের সামনে হার মানতে হয়েছে ভারতীয় বোলারদের। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের অসাধারণ জুটিতে ওয়েলিংটন টেস্টে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে।
টেস্টের পঞ্চম ও শেষ দিনের শুরু থেকেই ধীরগতির ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের হতাশ করেন কিউই ব্যাটাররা। প্রথম সেশনে ২৬ ওভারে আসে মাত্র ৩৮ রান। তবে ওয়াশিংটন সুন্দর ১৬৫ বলে ৬৫ রান করা ডেভন কনওয়েকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। এরপর রাচিন রবীন্দ্রকে ৩৭ রানে সাজঘরে ফেরান প্রসিধ কৃষ্ণা। -- ডেইলি ক্রিকেট
দ্বিতীয় সেশনে টম ব্লান্ডেলকে ফিরিয়ে আশার আলো দেখান আনশুল কাম্বোজ। কিন্তু এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি ভারত। দ্বিতীয় নতুন বল নিয়েও মিচেল ও ফিলিপসের প্রতিরোধ ভাঙতে পারেননি বুমরাহ, প্রসিধ কিংবা আকাশ দীপ। শেষ সেশনে মিচেল কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠলেও উইকেট হারানোর ঝুঁকি নেননি দুজন।
ব্যাট হাতে ১৮৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন মিচেল। ১২৬ বল মোকাবিলা করে ২৬ রানে অপরাজিত ফিলিপস। ষষ্ঠ উইকেটে তাঁদের ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতের জয়ের আশা শেষ করে দেয়। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৩৯ রান করার পর জয়ের কোন আশা না থাকায় ম্যাচ শেষের এক ঘণ্টা আগেই ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।
এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে হেনরি নিকোলসের অপরাজিত ১৭৫ ও ফিলিপসের ১১৮ রানে সংগ্রহ ছিল ৩৬৮। জবাবে লোকেশ রাহুলের ১৩৬, পান্তের ১২৮ এবং শুভমান গিলের ৯৮ রানে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে।