শিরোনাম
◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক : শুরুতেই দুই গোল হজম। এরপর পেনাল্টি মিস করে লামিন ইয়ামালের হতাশা। তবে তাতে দমে যায়নি বার্সেলোনা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে শেষ পর্যন্ত দারুণ জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল। দুই গোলে পিছিয়ে পড়ার পর তিন গোল করে ভিয়ারেয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে কাতালানরা।

রোববার কাম্প নউয়ে লা লিগার ম্যাচে শুরুটা ছিল বার্সেলোনার জন্য দুঃস্বপ্নের মতো। প্রথম সাত মিনিটের মধ্যেই দুই গোল হজম করে স্বাগতিকেরা। পঞ্চম মিনিটে জেরার্দ মার্তিনের ভুলে বল পেয়ে জোরালো শটে ভিয়ারেয়ালকে এগিয়ে দেন তাহন বুকানন। দুই মিনিট পর দ্রুতগতির প্রতি-আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন টানি ওলুওয়াসেয়ি।

দুই গোলের ধাক্কা সামলে দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে বার্সেলোনা। ২০তম মিনিটে পেনাল্টি আদায় করলেও সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়ামাল। তাঁর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি স্বাগতিকেরা।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। একের পর এক আক্রমণে ভিয়ারেয়ালের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ৫৭তম মিনিটে জুয়াও কান্সেলোর জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক পেতার গুলাসি। তবে আর বেশিক্ষণ বার্সেলোনাকে আটকে রাখতে পারেনি সফরকারীরা।

Advertisement

৬৫তম মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে ব্যবধান কমান মার্তিন। চার মিনিট পর ইয়ামালের পাস ধরে জোরালো শটে সমতা ফেরান ফের্মিন লোপেস। এরপর ৬৭তম মিনিটে পাও নাভারোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা। লোপেসের বাড়ানো বল আটকাতে গিয়ে নিজেদের জালেই পাঠান ভিয়ারেয়ালের এই ডিফেন্ডার।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে দানি ওলমোর শট রুখে দেন গুলাসি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হাফিনিয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারেয়াল। শেষ পর্যন্ত আর গোল না হলেও জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

এই জয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ১৩ ম্যাচে ১২ জয় ও ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেয়াল মাদ্রিদ। অন্যদিকে ষষ্ঠ হারে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভিয়ারেয়াল।

  • সর্বশেষ