রাষ্ট্রায়ত্ত তিন জ্বালানি তেল বিপণন কোম্পানি যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও পদ্মা অয়েলের প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার আমানত আটকে রয়েছে আর্থিক সংকটে পড়া বিভিন্ন ব্যাংকে। যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়েছে, সেগুলোয় রাখা আমানতের অর্থ ফেরত পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একই সঙ্গে আমানতের বিপরীতে অর্জিত সুদ আয় স্বীকৃতি এবং সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) সংস্থান নিয়েও তিন কোম্পানির হিসাবরক্ষণে রয়েছে ভিন্নতা। এসব কারণে কোম্পানি তিনটির ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে কোয়ালিফায়েড মতামত দিয়েছেন নিরীক্ষকরা। সূত্র: বণিক বার্তা
কোম্পানিগুলোর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দুর্বল ব্যাংকগুলোয় যমুনা অয়েলের জমা ছিল ১ হাজার ৬৭৩ কোটি ১৭ লাখ টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ৫৮৭ কোটি ৭৮ লাখ ও পদ্মা অয়েলের ৩৩৭ কোটি ৬৩ লাখ টাকা। সব মিলিয়ে তিন কোম্পানির আটকে থাকা ব্যাংক আমানতের পরিমাণ দাঁড়ায় প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায়। তবে যমুনা অয়েলের মোট ব্যাংক স্থিতির মধ্যে ১৪৪ কোটি ১২ লাখ টাকা অর্জিত, কিন্তু অনাদায়ী সুদও অন্তর্ভুক্ত রয়েছে।
তিন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি আমানত রয়েছে যমুনা অয়েলের। কোম্পানিটির আটকে থাকা ব্যাংক আমানতের মোট স্থিতির মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রয়েছে ৭৬১ কোটি ৯৩ লাখ, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৪৮২ কোটি ৪৪ লাখ, ইউনিয়ন ব্যাংকে ৩২২ কোটি ১৮ লাখ, সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৯ কোটি ৭৯ লাখ ও এক্সিম ব্যাংকে ৪ কোটি ৩৬ লাখ টাকা। এ পাঁচ ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকে ৭৫ কোটি ৪৫ লাখ ও ন্যাশনাল ব্যাংকে ৭ কোটি টাকা জমা রয়েছে কোম্পানিটির।
যমুনা অয়েলের নিরীক্ষা আর্থিক প্রতিবেদনে দেখা যায়, পাঁচ একীভূত ব্যাংকে তাদের মোট ব্যাংক স্থিতি ১ হাজার ৫৯০ কোটি ৭২ লাখ টাকা। এসব ব্যাংকে আটকে থাকা সুদ প্রাপ্যের বিপরীতে ১৪২ কোটি ৩০ লাখ টাকার প্রত্যাশিত ঋণ ক্ষতি সংস্থান রেখেছে কোম্পানিটি। তবে নিরীক্ষকরা জানিয়েছেন, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) ৯ অনুযায়ী এ সংস্থান যথাযথ হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
কোম্পানিটির নিরীক্ষা প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে ৪ কোটি ৩৩ লাখ, ন্যাশনাল ব্যাংক থেকে ৬৩ লাখ ৮২ হাজার ও সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ৪৯ লাখ টাকা আদায় হয়েছে। তবে এসব ব্যাংকে আটকে থাকা বাকি অর্থ ফেরত পাওয়ার বিষয়ে এখনো স্পষ্ট কোনো সমাধান আসেনি।
মেঘনা পেট্রোলিয়ামের মোট দীর্ঘমেয়াদি এফডিআরের পরিমাণ ১ হাজার ৪৫১ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকে ২২৭ কোটি ৬৩ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১৭৯ কোটি ২২ লাখ, ইউনিয়ন ব্যাংকে ১৭১ কোটি ৯৬ লাখ ও পদ্মা ব্যাংকে ৮ কোটি ৯৬ লাখ টাকা জমা রয়েছে। সব মিলিয়ে এ চার ব্যাংকে কোম্পানিটির আমানতের পরিমাণ ৫৮৭ কোটি ৭৮ লাখ টাকা, যা মোট দীর্ঘমেয়াদি এফডিআরের প্রায় ৪০ দশমিক ৫১ শতাংশ।
এসব ব্যাংকে আটকে থাকা ৭৮ কোটি ৮৬ লাখ টাকার সুদ প্রাপ্য আয় হিসেবে দেখায়নি মেঘনা পেট্রোলিয়াম। তবে আমানতের বিপরীতে কোনো প্রত্যাশিত ঋণক্ষতি সংস্থান করেনি কোম্পানিটি। নিরীক্ষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, আইএফআরএস ৯-এর ৫.৫.৯ ও বি৫.৫.২ অনুচ্ছেদ অনুসারে ঋণ ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে প্রত্যাশিত ঋণক্ষতি সংস্থান করতে হয়। এ সংস্থান না রাখার কারণে কোম্পানিটির আর্থিক বিবরণীতে এ বিষয়ে কোয়ালিফায়েড মতামত দেয়া হয়েছে।
জানতে চাইলে মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীরুল হাসান বলেন, ‘আর্থিক বিবরণীতে দুর্বল ব্যাংকগুলোয় আটকে থাকা আমানতের বিপরীতে অর্জিত সুদ আয় হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ সুদ আয় হিসাবের বাইরে রাখা হয়েছে। এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে বিপিসির মাধ্যমে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেও চিঠি দেয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।’
বিপিসি এ অর্থ উদ্ধারের বিষয়ে করণীয় নির্ধারণে সম্প্রতি একটি কমিটি গঠন করেছে জানিয়ে তিনি আরো বলেন, ‘কমিটির একটি বৈঠকও হয়েছে। তারা বিষয়টি পর্যালোচনা করে বিপিসি চেয়ারম্যানের কাছে সুপারিশ জমা দেবে। এরপর সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
অন্যদিকে পদ্মা অয়েলের বিভিন্ন ব্যাংকে মোট আমানত রয়েছে ৩৩৭ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে এক্সিম ব্যাংকে স্বল্পমেয়াদি এফডিআর ও অবচয় তহবিল মিলিয়ে ১৪৪ কোটি ৫০ লাখ, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৭৯ কোটি ৫৩ লাখ, ইউনিয়ন ব্যাংকে ৫৫ কোটি ৮৫ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৩৫ কোটি ৫৭ লাখ, সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৬ কোটি ৩ লাখ ও ন্যাশনাল ব্যাংকে ৬ কোটি ১৪ লাখ টাকা জমা রয়েছে।
পদ্মা অয়েল এসব আমানতের বিপরীতে ৩৫ কোটি ৯৮ লাখ টাকা সুদ আয় হিসেবে দেখিয়েছে। তবে অর্থ ফেরত চেয়ে বারবার যোগাযোগ করেও উল্লেখযোগ্য টাকা আদায় করতে পারেনি কোম্পানিটি। এ পর্যন্ত পে-অর্ডারের মাধ্যমে মাত্র ৬৪ লাখ ৪৪ হাজার টাকা পেয়েছে তারা।
এ বিষয়ে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান বলেন, ‘সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রণীত ব্যাংক রেজল্যুশন আইনে আমানতের অর্থ কীভাবে ফেরত দেয়া হবে, সে বিষয়ে নির্দেশনা রয়েছে। আমরা সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বারবার জানাচ্ছি, আমানতের বিপরীতে কোনো শেয়ার নয়, আমরা আমাদের জমাকৃত অর্থ ফেরত চাই।’
তিনি আরো বলেন, ‘সম্প্রতি আমাদের আর্থিক বছর শেষ হয়েছে। এখন নতুন করে সম্মিলিত ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আমানতের অর্থ ফেরত চেয়ে চিঠি দেয়া হবে। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা আশা করছি, ইতিবাচক কোনো সমাধান আসবে।’
তিন রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন কোম্পানির আর্থিক বিবরণীতে আরেকটি বিষয় উঠে এসেছে। জ্বালানি তেল বিক্রির মূল ব্যবসা থেকে অর্জিত পরিচালন মুনাফার তুলনায় তাদের পরিচালন-বহির্ভূত আয় অনেক বেশি। কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, এ আয়ের বড় অংশই ব্যাংকে রাখা আমানতের সুদ থেকে এসেছে। ফলে দুর্বল ব্যাংকে গচ্ছিত আমানত ফেরত ও সুদ আদায় করতে না পারলে কোম্পানিগুলোর মুনাফায় বড় ধরনের প্রভাব পড়বে।
২০২৫-২৬ অর্থবছরে মেঘনা পেট্রোলিয়ামের নিট আয় ছিল ২৭২ কোটি ১৯ লাখ টাকা। এ খাত থেকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ১০৪ কোটি ৬৮ লাখ টাকা। বিপরীতে পরিচালন-বহির্ভূত আয় ছিল ৮০৩ কোটি টাকা। সব মিলিয়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৮৫ কোটি টাকা।
একই সময়ে পদ্মা অয়েলের নিট আয় ছিল ৩৪৭ কোটি ১৬ লাখ টাকা। এ খাতে পরিচালন মুনাফা হয়েছে ১৬০ কোটি ৪৫ লাখ টাকা। আর পরিচালন-বহির্ভূত আয় ছিল ৭৯৩ কোটি ৫১ লাখ টাকা। অর্থবছর শেষে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৮২ কোটি ৪২ লাখ টাকা।
অন্যদিকে যমুনা অয়েলের মোট আয় ছিল ১৭২ কোটি ৭১ লাখ টাকা। এ খাতে পরিচালন মুনাফা হয়েছে ৫৮ কোটি ৮৩ লাখ টাকা। বিপরীতে পরিচালন-বহির্ভূত আয় ছিল ৬৯৪ কোটি ২৭ লাখ টাকা। অর্থবছর শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪২৫ কোটি ৩৪ লাখ টাকা।
ব্যাংক সূত্রে জানা গেছে, পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকার আমানত রয়েছে। প্রাথমিকভাবে শুধু ব্যক্তিশ্রেণীর আমানতকারীদের অর্থ ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রে রেজল্যুশন স্কিমে এফডিআরের একটি অংশ শেয়ারে রূপান্তরের কথা বলা আছে। ব্যাংকটির ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের ২০ হাজার কোটি সরকার জোগান দিয়েছে, আর বাকি ১৫ হাজার কোটি আসবে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আমানত থেকে রূপান্তরিত শেয়ারের মাধ্যমে। তবে পদ্মা অয়েল, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম শেয়ারের পরিবর্তে নগদে আমানতের অর্থ ফেরত চাইছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘প্রাথমিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকে থাকা ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হচ্ছে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থের বিষয়টি আমরা পর্যালোচনা করে দেখছি। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আমানতের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।’