অটোমোবাইল শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে নিউ এনার্জি ভেহিক্যাল (এনইভি) নির্মাতা বিওয়াইডির লাক্সারি ব্র্যান্ড ইয়াংওয়াং। বিশ্বের প্রথম প্রোডাকশন কার হিসেবে ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতির ঝড় তুলেছে ইউ৯ এক্সট্রিম মডেলের গাড়িটি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ আন্তর্জাতিক সড়কে গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৫০৩ দশমিক ১৭ কিলোমিটার গতিতে ছুটেছে। গড়েছে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জার্মানিতে একই গাড়ি ঘণ্টায় ৪৯৬.২২ কিলোমিটার গতি তুলে রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে মডেলটি। দুবার গাড়িটি চালিয়েছেন রেসিংচালক মার্ক বাসেং। এবারের অর্জনের মাধ্যমে একমুখী যাত্রায় সর্বোচ্চ গতির প্রোডাকশন ও বৈদ্যুতিক প্রোডাকশন কারের রেকর্ড গড়েছে মডেলটি। আন্তর্জাতিক মোটরস্পোর্টসের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ল অটোমোবাইলের (এফআইএ) স্বীকৃতি পেয়েছে এটি। মডেলে রয়েছে চারটি স্বতন্ত্র বৈদ্যুতিক মোটর।
সব মিলিয়ে তিন হাজারের বেশি হর্সপাওয়ার উৎপাদন করতে পারে। ব্যবহৃত হয়েছে ১ হাজার ২০০ ভোল্টের প্ল্যাটফর্ম ও বিওয়াইডির ব্লেড ব্যাটারি প্রযুক্তি। উচ্চ ক্ষমতায় গাড়ি চালানোর সঙ্গে এটি ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে; রয়েছে ইফোর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে গাড়ির চারটি চাকার শক্তি আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে অতিরিক্ত গতিতে গাড়ির ভারসাম্য ঠিক থাকে। নতুন মাইলফলক প্রসঙ্গে বিওয়াইডির নির্বাহী সহসভাপতি স্টেলা লি বলেন, জার্মানিতে আগের বিশ্বরেকর্ড গড়ার পর এর সক্ষমতা বাড়াতে প্রকৌশলীরা কয়েক ধাপে কাজ করেছেন। নতুন রেকর্ড সেই প্রচেষ্টারই প্রতিফলন।
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম মডেলের এই অর্জন বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তির সক্ষমতাকে বাস্তব করেছে। ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতির রেকর্ড গড়ার মধ্য দিয়ে বৈদ্যুতিক গাড়ির মোটর, ব্যাটারি ও গাড়ি নির্মাণপ্রযুক্তির অগ্রগতি এখন সুস্পষ্ট। গাড়িশিল্পে প্রযুক্তির দৃশ্যমান উন্নতি বৈদ্যুতিক গাড়ি চলাচলের ক্ষেত্রে অভূত সম্ভাবনা তৈরি করছে। একই সঙ্গে সাধারণ ক্রেতাদের কাছে বৈদ্যুতিক গাড়িকে গ্রহণযোগ্য করবে। গাড়িশিল্পের সক্ষমতা ও ব্যাটারি প্রযুক্তির উন্নতির ফলে গাড়ি নির্মাণে নতুন সম্ভাবনা সামনে আনছে।