স্পোর্টস ডেস্ক: শিরোপার লড়াইয়ে শেষ হাসিটা হাসল খুলনা। দ্বিতীয় একাদশের এনসিএলে অল্পের জন্য ট্রফি হাতছাড়া হলেও মূল আসরে আর কোনো ভুল করেনি দলটি। শেষ রাউন্ডে রংপুরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। এই জয়ে নতুন ইতিহাসও গড়েছে তারা। দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতল তারা।
শিরোপা জয়ের পাশাপাশি নতুন এক ইতিহাসের শুরু হলো খুলনার হাত ধরে। এনসিএলের মান ও মর্যাদা বৃদ্ধিতে এবারের আসর থেকে চালু হওয়া 'এনসিএল শিল্ড' প্রথমবারের মতো হাতে নিলো মোহাম্মদ মিঠুনের দল। --- ডেইলি ক্রিকেট
সিলেটে অনুষ্ঠিত শেষ রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে রংপুরের সংগ্রহ ছিল ৩৩৮ রান। জবাবে খুলনা থামে ৩২২ রানে। ১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুলনার বোলারদের তোপে সুবিধা করতে পারেনি রংপুর। মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। খুলনার হয়ে দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট তুলে নেন সফর আলী। মেহেদী হাসান রানা শিকার করেন চার উইকেট।
জয়ের জন্য ২০১ রানের লক্ষ্য পেয়ে শেষ দিনে দারুণ শুরু করে খুলনা। উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিম যোগ করেন ১২৩ রান। ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে বিজয় ফিরলেও জয় পেতে বেগ পেতে হয়নি খুলনাকে। তামিম ১২৩ বলে ৭৮ এবং কালাম সিদ্দিকি ৫৫ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নুরুল হাসান সোহান। সব মিলিয়ে ব্যাটে-বলে দাপট দেখিয়েই শিরোপা নিশ্চিত করেছে খুলনা। সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া দলটি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরল শিরোপার মঞ্চে। অন্যদিকে, খুলনার শ্রেষ্ঠত্বের কাছে হার মেনে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো সিলেট বিভাগকে।