স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের বাইরেও ব্যবসায় নতুন বিনিয়োগে যুক্ত হলেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এবার দেশটির বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং প্রযুক্তি প্রতিষ্ঠান ‘রিকাইকাল’-এ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠানটির ২৩ মিলিয়ন ডলারের ব্রিজ ফান্ডিং রাউন্ডের অংশ এই বিনিয়োগ। তবে শচীন কত অর্থ বিনিয়োগ করেছেন, তা প্রকাশ করেনি কোম্পানিটি।
২০১৫ সালে প্রতিষ্ঠিত রিকাইকাল বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ব্র্যান্ড, বর্জ্য সংগ্রহকারী ও রিসাইক্লিং প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরি করে। প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত ৩০ লাখ মেট্রিক টনের বেশি বর্জ্য ব্যবস্থাপনা করেছে তারা। হিন্দুস্তান ইউনিলিভার, স্যামসাং ও বিএমডব্লিউসহ ৬৫০টির বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
শচীনের মতে, প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক শচীন ২০১৩ সালে অবসর নেন। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন লাভ করেন তিনি।