বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সদ্য সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবং অ্যালিস হুয়াং নামের এক চীনা নারীর মধ্যকার সম্পর্ককে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এ সম্পর্ক নিছক প্রেম নয়, বরং চীনা গোয়েন্দা সংস্থাগুলোর পাতা ‘হানি-ট্র্যাপ’ বা ফাঁদ হতে পারে বলে দাবি করেছেন আলিয়া রোজা নামের এক সাবেক রুশ গুপ্তচর।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই সম্পর্কের পেছনের সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে তার বিশ্লেষণ তুলে ধরেন।
সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক পরিচালক অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি একজন চীনা গুপ্তচর এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে তিনি বেইজিংয়ের জন্য সংবেদনশীল কর্পোরেট তথ্য সংগ্রহ করতেন। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করেছে।
মেগাস্পিড কোম্পানি বিলিয়ন ডলারের উন্নত এআই চিপ লেনদেনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত এবং কর্পোরেট নির্বাহীদের ম্যানিপুলেশন শনাক্তকরণে পরামর্শক হিসেবে কাজ করা রোজা এ ঘটনা প্রসঙ্গে এনডিটিভিকে বলেন, এই সম্পর্ক (জেনসেন হুয়াং এবং অ্যালিস হুয়াং এর প্রেমের সম্পর্ক) তার গোয়েন্দা জীবনে দেখা কৌশলের সঙ্গে পুরোপুরি মিলে যায়।
রোজা বলেন, যুক্তি দিয়ে ভাবলে দেখা যাবে, অ্যালিসের স্বামী ক্যাং ওয়েই ২০১০ সালে জেনসেনের সঙ্গে পরিচিত হন। মজার ব্যাপার হলো, পরে স্টক ম্যানিপুলেশনে জড়িত সন্দেহে ক্যাং পুলিশের তদন্তের মুখে পড়েছিলেন। সেই ক্যাংই পরে তার স্ত্রী অ্যালিসকে জেনসেনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ঠিক এমনটাই ঘটে—বিশ্বস্ত কোনো পরিচিত সূত্রের মাধ্যমেই টার্গেটের কাছে পৌঁছানো হয়।
রোজার মতে, অ্যালিস কোনো সাধারণ নারীর মতো জেনসেনের জীবনে প্রবেশ করেননি। তিনি মেগাস্পিডের পরিচালক হিসেবে ব্যবসায়িক প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং কোম্পানিটি বিপুল পরিমাণ চিপও কিনেছিল। রোজা বলেন, ‘সম্পর্কটা শুরু হয় বিশ্বাস এবং ব্যবসায়িক লক্ষ্যের ওপর ভিত্তি করে। এরপর ঘনিষ্ঠতা সেই বন্ধনকে আরও মজবুত করে।’
অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজের বরাত দিয়ে রোজা জানান, ২০২৪ ও ২০২৫ সালে জেনসেন ও অ্যালিসকে ঘনিষ্ঠ অবস্থায় ডিনার করতে, চুম্বন করতে এবং একই গাড়িতে উঠতে দেখা গেছে। জেনসেনের দাবি অনুযায়ী, এটি কেবল ব্যবসায়িক সম্পর্ক নয়।
এছাড়া কিম্বার্লি পাওয়েল নামে এনভিডিয়ার আরেক নির্বাহীর সঙ্গেও জেনসেনের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রসঙ্গে রোজা প্রশ্ন তোলেন, এত দায়িত্বশীল পদে থাকা একজন মানুষ যদি নিজের স্ত্রীর প্রতি বিশ্বস্ত না থাকেন, তবে তিনি কি দেশের জাতীয় নিরাপত্তার প্রতি বিশ্বস্ত থাকতে পারবেন?
হানি-ট্র্যাপ অপারেশনের মূল লক্ষ্য হলো এমন একটি দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত সম্পর্ক তৈরি করা, যেখানে টার্গেট (যাকে টার্গেট করা হয়) তার পেশাগত গোপনীয়তা নিয়ে নির্দ্বিধায় আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
রোজা বলেন, বিশ্বাস ও ঘনিষ্ঠতার কারণে ‘পিলো টকে’ (ঘনিষ্ঠ মুহূর্তে) মানুষ অনেক গোপন কথা বলে ফেলে। আমরা জানি না জেনসেন অ্যালিসকে ঠিক কী তথ্য দিয়েছেন। রোজা অ্যালিসের স্বামী ক্যাং ওয়েইয়ের অতীত এবং তার পরিচয় গভীরভাবে তদন্ত করার ওপরও জোর দেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন