স্পোর্টস ডেস্ক: আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড ২৭ কোটি টাকা। ২০২৫ সালের মেগা নিলামে ঋষভ পন্থকে এই দামে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাওয়ার দাবি উঠেছে। নিজেদের দলে ধরে রাখতে হলে ৪০ কোটি টাকা দিতে হবে—ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে এমন শর্ত দিয়েছেন কয়েকজন তারকা ক্রিকেটার!
আগামী ১৬ ডিসেম্বর গোয়ার আইটিসি গ্র্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের মিনি নিলাম। এর আগে ১৭ নভেম্বরের মধ্যে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার চূড়ান্ত তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। মিনি নিলামে দলগুলোর কেনাকাটার সুযোগ সীমিত থাকায় এবার ধরে রাখা খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বাড়তি দর-কষাকষি চলছে। -- সংবাদপ্রতিদিন
ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন তারকা ক্রিকেটার রিটেনশন ফি হিসেবে ৪০ কোটি টাকা দাবি করেছেন। তাঁদের বক্তব্য, এই অঙ্কের পারিশ্রমিক না পেলে তাঁরা ফ্র্যাঞ্চাইজিতে থাকতে আগ্রহী নন। কারণ, নিলামে উঠলে বর্তমান পারিশ্রমিকের চেয়ে অনেক বেশি অর্থ পাওয়ার সম্ভাবনা দেখছেন তাঁরা।
বর্তমানে আইপিএলের প্রতিটি দলের মোট বাজেট ১২০ কোটি টাকা। আগামী মৌসুমে তা বেড়ে ১৫০ কোটি টাকা হতে পারে। ফলে ২০২৭ সালের আইপিএল নিলামে খেলোয়াড়দের পেছনে আরও বেশি অর্থ ব্যয়ের সুযোগ তৈরি হবে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই এখন থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর চাপ বাড়াচ্ছেন কয়েকজন ক্রিকেটার। তবে ৪০ কোটি টাকা দাবি করা ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি সংশ্লিষ্ট ওয়েবসাইটটি।
এদিকে শুরু হয়েছে খেলোয়াড় নিবন্ধনপ্রক্রিয়া। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ১ ডিসেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে পছন্দের খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে। ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে নিবন্ধিত খেলোয়াড়দের নাম।
সাধারণত একটি আইপিএল মৌসুম শেষ হওয়ার এক মাস পর শুরু হয় ট্রেড উইন্ডো। নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত চলে এই প্রক্রিয়া। তবে ২০২৭ সালের আইপিএলের সূচি এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী বছরের মার্চের শেষ সপ্তাহে শুরু হতে পারে টুর্নামেন্টটি।