স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-টেন লিগে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে এক সিদ্ধান্তে বিপাকে পড়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে শেষ পর্যন্ত সমঝোতার পথেই হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও টুর্নামেন্টের আয়োজকরা। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পাকিস্তানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম জিও সুপার।
জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ক্রিকেটারদের এনওসি দেওয়ার বিনিময়ে আবুধাবি টি-টেনের আয়োজকদের কাছ থেকে সর্বোচ্চ ২ লাখ মার্কিন ডলার সমমূল্যের ক্ষতিপূরণ ও সুযোগ-সুবিধা পাবে পিসিবি। দুই পক্ষের মধ্যে এই সমঝোতার ফলে লিগটির আসন্ন আসরে দল পাওয়া ১৬ জন পাকিস্তানি ক্রিকেটারের অংশগ্রহণের পথ অনেকটাই পরিষ্কার হয়েছে। -- ডেইলি ক্রিকেট
সূত্রের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের দলে পাওয়া ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট খেলোয়াড়রা এনওসির জন্য পিসিবির কাছে আবেদন করেছিলেন। তাদের অনুরোধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছায় বোর্ড।
এর আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছিল, প্রতিটি এনওসির জন্য ১০ হাজার ডলার দাবি করেছে পিসিবি। শেষ মুহূর্তে বোর্ডেরএমন সিদ্ধান্তে বিপাকে পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো। কেউ কেউ বিকল্প খেলোয়াড় খোঁজার কথাও ভাবছিল। এমনকি কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার নিজেদের বেতন থেকে নির্ধারিত অর্থ পরিশোধ করতেও প্রস্তুত ছিলেন।
উল্লেখ্য, এর আগে নেপাল প্রিমিয়ার লিগেও পাকিস্তানি ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে জটিলতা তৈরি করেছিল পিসিবি। সেবার প্রতিটি ক্রিকেটারের কাছ থেকে এনওসির জন্য ২৫ হাজার ডলার দাবি করেছিল পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।