যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হিসেবে বিবেচিত হওয়া বিষয়ে বিবৃতি দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়।
শনিবার (৭ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দূতাবাস এ সম্পর্কিত একটি বিবৃতি দেয়।
বিবৃতিতে দূতাবাস উল্লেখ করে, ভিসা সম্পর্কে মনে রাখুন, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। আপনি ভিসার শর্তের অপব্যবহার করলে বা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।
এর আগে, ৩১ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, অ্যাডমিট আনটিল ডেট (Admit Until Date) এর মধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।
এই তারিখটি দেখতে i94.cbp.dhs.gov এই লিংক ব্যবহারের আহ্বান জানানো হয়।
দূতাবাস ভ্রমণের আগে নিয়মকানুন জানার আহ্বান জানিয়ে ২৮ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করে, বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে, যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে আপনার ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে। আপনার ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব আপনারই।