স্পোর্টস ডেস্ক: কারাবাও কাপে হারের জবাবটা প্রিমিয়ার লিগেই দিল ব্রাইটন। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান শক্ত করেছে তারা।
গত বুধবার কারাবাও কাপের ম্যাচে দুইবার এগিয়েও শেষ পর্যন্ত টাইব্রেকারে সিটির কাছে হেরেছিল ব্রাইটন। চার দিনের ব্যবধানে সেই ইতিহাদেই একমাত্র গোলে জয় তুলে নিয়ে হারের জবাব দিল দলটি।
ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় ব্রাইটন। সিটির ডিফেন্ডার মাতেউস নুনেসের ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে কাছ থেকে জালে পাঠান ইয়াসিন আইয়ারি। এরপর সমতায় ফেরার একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা।
সিটির আক্রমণ সামলাতে বড় ভূমিকা রাখেন ব্রাইটন গোলরক্ষক বার্ট ফারব্রুগেন। এলিমান এনদিয়ায়ের শট থেকে শুরু করে নুনেসের প্রচেষ্টা—একাধিকবার দলকে বিপদমুক্ত করেন তিনি। আর্লিং হলান্ডের হেডারও সামলে নেন দারুণ দক্ষতায়।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে সিটি। কিন্তু ফারব্রুগেনের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয় তাদের। উল্টো ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাইটনও। তবে ম্যাক্সিম দ্য কুইপারের শট ক্রসবারে লেগে ফিরে আসে। পরে তাঁর হেডার ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে ব্রাইটন। অন্যদিকে, টানা দ্বিতীয় হারে কিছুটা চাপে পড়েছে সিটি। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেও ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র দুই পয়েন্টে।