স্পোর্টস ডেস্ক: বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারকে ঘিরে নতুন পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এত দিন ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হয়েছে বার্ষিক এই পুরস্কার। এবার ফুটবলের বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আদলে জমকালো আয়োজন করতে চায় জয় শাহের নেতৃত্বাধীন সংস্থাটি। সে কারণেই ২০২৫ সালের বর্ষসেরা পুরস্কার ঘোষণা করেনি আইসিসি।
২০০৪ সাল থেকে বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে আসছে আইসিসি। তবে গত বছর থেকে সেই ধারায় ছেদ পড়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে একসঙ্গে পুরস্কার দেওয়ার চিন্তা করছে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকে নতুন আঙ্গিকে ফিরবে এই আয়োজন। --- আনন্দবাজার
আইসিসির এক কর্মকর্তা ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েক বছর ধরে ডিজিটাল মাধ্যমে পুরস্কার দেওয়া হলেও এবার আয়োজনের ধরন বদলাতে চায় সংস্থাটি। তাঁর ভাষায়, পুরস্কার বিতরণের মঞ্চ কেমন হওয়া উচিত, তা নিয়ে নতুন করে পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ২০২৫ সালের পুরস্কার প্রদান পিছিয়ে দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ২০২৫ ও ২০২৬ সালকে একসঙ্গে বিবেচনায় নিয়ে বড় পরিসরে বার্ষিক পুরস্কার উদ্যাপনের পরিকল্পনা রয়েছে। আইসিসির লক্ষ্য, এই আয়োজনকে ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে পরিণত করা। এর মাধ্যমে পুরস্কার বিতরণীতে নতুন মাত্রা যোগ করতে চায় সংস্থাটি।
বর্তমানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণে আলাদা বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেয় আইসিসি। সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেটারদের জন্যও রয়েছে পৃথক স্বীকৃতি। পাশাপাশি পুরুষ ও নারী বিভাগে দেওয়া হয় বর্ষসেরা ক্রিকেটার, উদীয়মান ক্রিকেটারসহ বিভিন্ন পুরস্কার।
এত দিন মূলত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই দেওয়া হয়েছে এসব পুরস্কার। এবার সেই স্বীকৃতিকে ঘিরে বড় আয়োজন করতে চায় আইসিসি। ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মতো ক্রিকেটেও তারকাদের নিয়ে বর্ণাঢ্য মঞ্চ তৈরির লক্ষ্য জয় শাহদের।