স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ ছন্দে বাংলাদেশ। সিঙ্গাপুরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের কিশোররা। বুধবার আজারবাইজানের বাকুতে নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে তারা।
ম্যাচের ১২তম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন রাতুল। তবে লিড ধরে রাখতে পারেনি দল। নির্ধারিত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে স্নায়ুর লড়াইয়ে সিঙ্গাপুরকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় বাংলাদেশ।
এর আগে শেষ ৩২-এর লড়াইয়ে সেশেলসের বিপক্ষেও টাইব্রেকারে জিতেছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় দলটি।
ছয় দলের ‘জি’ গ্রুপে খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি হারে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে বাংলাদেশ। এরপরও প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ পেয়েছে দলটি।
ফিফার এই টুর্নামেন্টের বিশেষত্ব হলো, গ্রুপ পর্ব শেষে কোনো দলই পুরোপুরি ছিটকে যায় না। গ্রুপে অবস্থানের ভিত্তিতে দলগুলো বিভিন্ন টিয়ারে ভাগ হয়ে নকআউট পর্বে খেলে। বাংলাদেশের সামনে এখন কোয়ার্টার ফাইনাল পেরিয়ে আরও এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ।