স্পোর্টস ডেস্ক : ইরাকে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ নারী কম্পাউন্ড দল। বুধবার সুলায়মানিয়ায় এশিয়া কাপ ও বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছেন বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।
ফাইনালে শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের আর্চারদের। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট স্কোর করেন তাঁরা। তাতে বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ২৩০ পয়েন্ট।
অন্যদিকে কাজাখস্তান চারটি এন্ডে সংগ্রহ করে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট। সব মিলিয়ে তাদের স্কোর ২২০। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের আর্চারদের এই সাফল্য দেশের খেলাটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ সংযোজন। স্বর্ণজয়ী দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।