স্পোর্টস ডেস্ক : মহসিন নকভিরা চেয়েছিলেন ভারতীয় মুদ্রায় প্রায় ২১ কোটি টাকা। কিন্তু বাধ্য হয়ে মাত্র ১২ কোটি টাকায় ২৫টি ম্যাচের সম্প্রচার স্বত্ব দিতে হচ্ছে তাঁদের। ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু কী কারণে? জানা গেল সেই নেপথ্য কারণ।
ঘরের মাটিতে মোট ২৫টি আন্তর্জাতিক ম্যাচের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে পাক বোর্ড। পাঁচটি টেস্ট, ১৪টি এক দিনের ম্যাচ ও ছ’টি টি-টোয়েন্টির জন্য মোট ২১ কোটি টাকা ধরে রেখেছিল তারা।
কিন্তু সম্প্রচার নেওয়ার জন্য পাকিস্তান টেলিভিশন বা পিটিভি ছাড়া কেউ এগিয়ে আসেনি। যেহেতু আর কোনও সংস্থা এগিয়ে আসেনি, তার দরদামের পরিস্থিতি ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বাধ্য হয়ে পিটিভির প্রস্তাব অনুযায়ী ১২ কোটি টাকায় রাজি হতে হয় তাদের।
আগের চক্র ২০২৪-এর অগস্ট থেকে ২০২৬-এর ডিসেম্বর পর্যন্ত চালু। পাকিস্তানের এআরওয়াই এবং টাওয়ার স্পোর্টসের সংস্থাগোষ্ঠী ৬১টি ম্যাচের স্বত্ব পেয়েছিল ৬০ কোটি টাকায়। অর্থাৎ পাকিস্তানের আয় হয়েছে ম্যাচ পিছু ১.০১ কোটি টাকা। পরের বছর থেকে সেটাও হবে না।
এর নেপথ্যে পাকিস্তানের সাম্প্রতিক ফর্মকে দায়ী করা হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে বার বার ব্যর্থ হয়েছে তারা। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলতে পারেনি তারা। সেমিফাইনালেও উঠতে পারেনি পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ়ের তাদের পারফরম্যান্স খুব খারাপ। এমনকি, এশিয়ান গেমসেও ভারতের কাছে হেরেছে তারা। সেই কারণেই পাকিস্তানের খেলা দেখাতে আগ্রহ দেখায়নি কেউ। বাধ্য হয়ে পিটিভি-র শর্তে রাজি হতে হয়েছে নকভিদের।