বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দারুণ প্রত্যাবর্তন করে অতিরিক্ত সময়ে ২–১ গোলে এগিয়ে গেছে ইংল্যান্ড। জুড বেলিংহামের জোড়া গোলে চাপে পড়েছে নরওয়ে।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্ট থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান বেলিংহ্যাম।
দ্বিতীয়ার্ধে ৫৭তম মিনিটে টরবইয়র্ন হেগেমের করা একটি গোল ভিএআরের সাহায্যে বাতিল হয়। কর্নার থেকে বল আসার সময় আর্লিং হলান্ডের ফাউলের কারণে রেফারি গোলটি অনুমোদন দেননি। এরপর ৭৫তম মিনিটে ক্রসবারে লেগে ফিরে আসা বল থেকে স্যান্ডার বার্গের শট শেষ মুহূর্তে ক্লিয়ার করে বড় বিপদ থেকে বাঁচে ইংল্যান্ড।
নির্ধারিত ৯০ মিনিট ১–১ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটেই (৯৩তম মিনিট) ইংল্যান্ডকে প্রথমবারের মতো লিড এনে দেন জুড বেলিংহাম।
মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিলান্ড সহজেই তালুবন্দি করবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু বলটি তার হাত ফসকে বেরিয়ে যায়। ঠিক সেই জায়গাতেই ওত পেতে ছিলেন বেলিংহ্যাম। ফিরতি বলে এক ছোঁয়ায় জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।
বেলিংহামের জোড়া গোলে অতিরিক্ত সময়ের শুরুতেই ২–১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। এখন সেমিফাইনালে ওঠার জন্য এই লিড ধরে রাখাই থ্রি লায়ন্সদের লক্ষ্য।
ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড, এজরি কনসা, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন।
নরওয়ের একাদশ: ওরইয়ান নিল্যান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্ডার সোরলথ, জুলিয়ান রিয়ারসন, আর্লিং হালান্ড।
''