মনিরুল ইসলাম : নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও হুইলচেয়ারে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা-১ মির্জা আব্বাস। সেখানে চিকিৎসাধীন মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহসভাপতি ও লালবাগ থানা যুবদলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
আজ বুধবার ১৮ নভেম্বর হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রফিকুল ইসলামের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় তাকে আরও কিছুদিন হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন তিনি।
হাসপাতালে রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মির্জা আব্বাস। পরিবারের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিজে অসুস্থ থাকা অবস্থায়ও দলের একজন সাবেক নেতার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে উপস্থিত হওয়াকে নেতাকর্মীরা আন্তরিকতা ও সাংগঠনিক দায়িত্ববোধের প্রকাশ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, মো. রফিকুল ইসলাম রফিক মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহসভাপতি এবং লালবাগ থানা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।