মনিরুল ইসলাম: রাজনৈতিক প্রতিহিংসার কারণে অতীতে দেশের অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো সরকার যেন রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
আজ শনিবার ১৪ নভেম্বর ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন দেশের অনেক চিকিৎসক। তাঁদের মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেওয়া হয়নি। রাজনৈতিক কারণে চিকিৎসকদের এভাবে বঞ্চিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজির রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা দেশের সম্পদ। সরকার পরিবর্তন হলেও চিকিৎসকদের মূল্যায়নের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা থাকা উচিত নয়। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই তাঁদের কাজের সুযোগ নিশ্চিত করতে হবে।
দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের তুলনায় পিছিয়ে নেই। তাঁদের মেধা ও দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।
নিজের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বর্তমানে তিনি রোবটিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা নিচ্ছেন। দেশের চিকিৎসাব্যবস্থা এবং চিকিৎসকদের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। সাধারণ রোগীদের চিকিৎসার জন্য অপ্রয়োজনে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশেই দক্ষ চিকিৎসকদের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা নেওয়া সম্ভব।
তবে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন চিকিৎসাসেবা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন মির্জা আব্বাস। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিপুল জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা পর্যাপ্ত নয় উল্লেখ করে আরও বেশি চিকিৎসক তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, অপারেশনের পর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা একজন রোগীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এই চিকিৎসাসেবার মাধ্যমে সুস্থ হয়ে তিনি জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে দেশের জন্য অবদান রাখতে পেরেছেন। ফলে একজন রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তিনি নিজের অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করেছেন।
বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, দুর্ঘটনা কিংবা স্ট্রোকে আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন অবস্থায় শারীরিক সমস্যার পাশাপাশি গভীর মানসিক ট্রমা ও যন্ত্রণার মধ্য দিয়ে যান। এ কারণে তাঁদের শারীরিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
এর আগে দিবসটি উপলক্ষে বিএমইউ ক্যাম্পাসের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ র্যালির উদ্বোধন করেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সি ব্লকে গিয়ে শেষ হয়।
বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ।
এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদসহ বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদরা।
অনুষ্ঠানের বৈজ্ঞানিক পর্বে দেশের স্বাস্থ্যব্যবস্থায় ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।