মনিরুল ইসলাম : রাজধানীসহ দেশের মহানগরগুলোকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে গড়ে তুলতে পাড়া-মহল্লাভিত্তিক পরিচ্ছন্নতা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কমিটিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সিনিয়র সিটিজেনদের যুক্ত করার পাশাপাশি তরুণ প্রজন্মকেও সম্পৃক্ত করা হবে। এ ছাড়া সরকারি কোয়ার্টারে বসবাস করেও যারা ময়লা-আবর্জনা পরিষ্কারে উদ্যোগ নেবেন না, তাদের আবাসন বরাদ্দ বাতিলের কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আজ শনিবার ১৪ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন কমিটির মাঠপর্যায়ের কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলনে সরকারের এসব সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় ঢাকা মহানগরসহ দেশের সব মহানগরকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি আঞ্চলিক কার্যালয়ে একটি করে কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে এসব কমিটি আনুষ্ঠানিকভাবে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
প্রতিমন্ত্রী জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত কমিটিগুলো প্রায় ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি কোয়ার্টার, ১৫২টি বাজার ও শপিং কমপ্লেক্স এবং ১৮৮টি সড়ক, ফুটপাত ও জনস্থান পরিদর্শন করেছে।
এ ছাড়া ১৩৬টি বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, কলোনি ও বস্তিসহ বিভিন্ন স্থানেও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব স্থানের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণের পর উন্নয়নে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে পাড়া-মহল্লায় বিশেষ পরিচ্ছন্নতা কমিটি গঠনের প্রস্তাবটি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।
মীর শাহে আলম বলেন, রাজধানীতে প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী বসবাস করছেন। দীর্ঘ কর্মজীবনে অর্জিত তাঁদের অভিজ্ঞতা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী।
এ জন্য প্রত্যেক পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সিটিজেনরা উপদেষ্টা কিংবা দায়িত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দেবেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে, যাতে পরিচ্ছন্নতা কার্যক্রম সামাজিক আন্দোলনে রূপ নিতে পারে। তিনি জানান, খুব দ্রুতই এ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সরকারি আবাসিক এলাকাগুলোর পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার সরকারি কোয়ার্টারগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয়। সেখানে বসবাসকারীরা নিজেদের আবাসিক এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কারে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এবং আগের মতো অপরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে তাঁদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ঢাকাকে কানাডা কিংবা সিঙ্গাপুর বানানোর অবাস্তব প্রতিশ্রুতি দিতে চায় না। বরং ঢাকাকে একটি প্রকৃত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
এ জন্য শুধু সরকার বা সংশ্লিষ্ট সংস্থার ওপর দায়িত্ব চাপিয়ে না দিয়ে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, পাড়া-মহল্লা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি নাগরিক অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও তরুণদের কর্মশক্তিকে একত্র করে পরিচ্ছন্ন নগর গড়ার পরিকল্পনা বাস্তবায়নই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী (আবু আবদুল্লাহ এম ছালেহ), অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।