‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করে ভাইরাল হয়েছেন আইনজীবী এম কামাল উদ্দিন। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেন। গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে এবং ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এদিকে লকডাউনের ঘোষণা দেওয়ায় তিনি পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের কড়া সমালোচনা ও গালি দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনার পর শুক্রবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কতিপয় সমর্থক শুক্রবার রাতে কর্ণফুলীর সিডিএ টেক এলাকায় তার ভাড়া বাসায় গিয়ে মবের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে পাঠায়। পরে তিনি জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন।
ওসি নূর আহমেদ বলেন, শুক্রবার রাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি কর্ণফুলীর স্থায়ী বাসিন্দা নন। তার বাড়ি সাতকানিয়ায়। কোনো মামলা না থাকায় ৮৮ ধারায় আদালতে প্রেরণ করা হয়। পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট কামাল উদ্দিন বলেন, ‘গতকাল জাহাঙ্গীর কবির নানককে গালি দিয়েছিলাম, কেন লকডাউন ডেকেছে।
এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমার ওপর হামলার চেষ্টা করেছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে আমাকে উদ্ধার করা হয়। কোনো মামলা না থাকায় পুলিশ আমাকে ৮৮ ধারায় আদালতে প্রেরণ করে। এজন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি, তিনি যেন সুষ্ঠুভাবে দেশ চালাতে পারেন।’