স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ম অনুযায়ী হবে, দলীয় প্রতীকে হবে না। তবে জোটের শরীক সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে হবে।
বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে ‘ফ্যাসিবাদী শাসনের অবসান’ ঘটে এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়। দীর্ঘ ১৫–১৬ বছর ধরে ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করেছে, তাদের নেতাদের প্রধানমন্ত্রী আজ আলোচনার জন্য আমন্ত্রণ জানান। দীর্ঘ সময়ের আন্দোলনের অভিজ্ঞতা, কারাবরণ, মামলা, গুম ও হত্যার স্মৃতি ঘিরে বৈঠকে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল।
মির্জা ফখরুল জানান, প্রধানমন্ত্রী বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী যেসব কার্যক্রম শুরু করেছেন, সেগুলোর বিষয়ে বিভিন্ন দলের নেতারা ইতিবাচক মতামত দিয়েছেন।
একটা ধ্বংসস্তুপ থেকে দেশটাকে গড়তে প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।