শিরোনাম
◈ হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো: তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস ◈ প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, পেছনে ভারত-চীন: গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন (ভিডিও) ◈ ইউরোপে তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি : চাপে সাধারণ মানুষ, ঋণ করে চলছে সংসার ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দল নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত ◈ আগামী বছর ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান ◈ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন গ্রেফতার ◈ বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের জারা-এইচঅ্যান্ডএম পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে, মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ◈ পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বড় প‌রিবর্তন পি‌সি‌বির, ২০ থেকে কমে ৮ জন ◈ দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায়  ◈ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শে‌ষে ভার‌তের বিরু‌দ্ধে নিউজিল্যান্ড ৫/২৪৬

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:১৭ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপরাধ দমন থেকে তথ্য ফাঁস ঠেকানো, বহুমুখী চাপে পুলিশ

দৈনিক আমাদের সময় : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ ও নাশকতা দমন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার এবং রাজনৈতিক অস্থিরতা মোকাবিলা— সব মিলিয়ে মাঠপর্যায়ে নানা চাপের মুখে রয়েছে পুলিশ। পাশাপাশি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনা, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত, তথ্যের নিরাপত্তা নিশ্চিত এবং সদস্যদের পেশাদারত্ব বজায় রাখার বিষয়টিও নতুন করে সামনে এসেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে যখন সারাদেশে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, তখন বাহিনীর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে নাশকতায় ইন্ধন ও গোপন যোগাযোগের অভিযোগে গ্রেপ্তারের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। ফলে একদিকে মাঠের অপরাধ ও নাশকতা মোকাবিলা, অন্যদিকে নিজেদের ভেতরের অনিয়ম ও বিশৃঙ্খলা সামাল দেওয়ার দিকেই কঠিন সময় পার করছে পুলিশ।

এমন পরিস্থিতিতে পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি বাড়ানো হয়েছে। কয়েক স্তরে সন্দেহভাজন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ওপর নজর রাখছে একাধিক গোয়েন্দা সংস্থা। বিশেষ করে গোপালগঞ্জের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর এ নজরদারি আরও জোরদার করা হয়েছে।

গত ১৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে মানবতাবিরোধী অপরাধ, হত্যা মামলা এবং নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগে দুই পুলিশ সুপার (এসপি) ও দুজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় এসপি আবুল কালাম আজাদকে বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঝালকাঠির বাসিন্দা আজাদ ২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা।

এসআরবি-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গত মঙ্গলবার ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকেও বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। ৩৩তম বিসিএসের এই কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তাকে রাজধানীর পল্টন থানার একটি হত্যামামলায় গ্রেপ্তার দেখানো হলেও তার বিরুদ্ধে মূল অভিযোগ, মুকসুদপুরে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে ইন্ধন দেওয়া। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

এর আগে গত ১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় করা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। মামলায় তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, বাহিনীর কোনো কর্মকর্তা বা সদস্য যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ রাখতে না পারেন, সে বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের যোগাযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পুলিশের অভ্যন্তরীণ নজরদারির পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কর্মকর্তাদের গতিবিধি ও যোগাযোগ পর্যবেক্ষণ করছে। বিশেষ করে গোপালগঞ্জের বাসিন্দা পুলিশ কর্মকর্তাদের ওপর নজরদারি করা হচ্ছে কয়েকটি স্তরে। সাম্প্রতিক নাশকতায় দুই পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর সরকার এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত আছেন। সরকার তাদের কঠোর নজরদারিতে রেখেছে। কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারিও বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

পুলিশের জন্য আরেকটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে বাহিনীর অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগ। কোনো কোনো সদস্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে গেলে অপরাধী ও নাশকতাকারীরা আগাম সতর্ক হওয়ার সুযোগ পেতে পারে। এতে অভিযান পরিচালনা, অপরাধী শনাক্তকরণ এবং গোয়েন্দা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন পুলিশের কর্মকর্তারা।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা গতকাল আমাদের সময়কে বলেন, পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাগত স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, গোপনীয় তথ্য পাচার, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে অনৈতিক যোগাযোগ কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবেন না, তিনি বাহিনীর যে পর্যায়ের কর্মকর্তাই হোন না কেন। একই সঙ্গে বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, জবাবদিহি ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশকে আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনা এবং সদস্যদের হারানো মনোবল পুনরুদ্ধার করা ছিল বড় চ্যালেঞ্জ। আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচারের মুখোমুখি করা এবং জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক মামলাগুলোর তদন্ত শেষ করাও পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর পাশাপাশি ক্ষমতার পালাবদলের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, মব সহিংসতা নিয়ন্ত্রণ, বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার ও পুনর্গঠন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সংঘাত ও খুনোখুনি বন্ধ এবং জনআস্থা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। এর মধ্যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানো এবং বাহিনীর ভেতরে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে চাপ তৈরি করেছে।

এদিকে গোপালগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডে ইন্ধন দেওয়ার অভিযোগে দুই অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তারের পর ময়মনসিংহে মো. সেলিম মিয়া নামে এক পুলিশ পরিদর্শককে দায়িত্ব থেকে প্রত্যাহারের খবর পাওয়া গেছে। তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এসব ঘটনায় বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি ও জবাবদিহির বিষয়টি আরও সামনে এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, চলমান সহিংসতায় পুলিশের কারও কারও ইন্ধন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় কাউকে কাউকে আইনের আওতায়ও আনা হয়েছে। সহিংসতা ও অস্থিরতা নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে বাহিনীর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রেখে সবাইকে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে নিয়োজিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, একজন পুলিশ সদস্যকে চাকরিবিধি, পেশাগত বৈশিষ্ট্য ও আইনের বাধ্যবাধকতা অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। কোনো দল বা সরকারের রাজনৈতিক ইচ্ছা পূরণের পরিবর্তে জনস্বার্থে কাজ করার বিষয়ে তাদের পুরোপুরি মনোযোগী হওয়া প্রয়োজন।

পুলিশের একাধিক সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর থেকে গত ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সময়ে বিভাগীয় মামলার মাধ্যমে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করা হয়েছে ৩৭ জনকে। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৬৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের অনেকেই বিদেশে চলে গেছেন। তাদের কেউ কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছেন বলে পুলিশ সূত্রের দাবি। পলাতক এসব কর্মকর্তার সঙ্গে বর্তমানে চাকরিতে থাকা পুলিশ সদস্যদের যোগাযোগ রয়েছে কি না, তা-ও নজরদারিতে রাখা হয়েছে।

পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, পুলিশ এখন একদিকে মাঠপর্যায়ে অপরাধ ও নাশকতা মোকাবিলা করছে, অন্যদিকে নিজেদের ভেতরের শৃঙ্খলা ও পেশাদারত্ব ফিরিয়ে আনার লড়াই চালাচ্ছে। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশিং, স্বচ্ছ তদন্ত, জবাবদিহি এবং সাধারণ মানুষের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলাই হবে বাহিনীর সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

  • সর্বশেষ