নিখোঁজের একদিন পর তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তাহসিফ সাউরির মরদেহটি উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকার খবর পায় টঙ্গী নৌ পুলিশ। খবর পেয়ে জরুরিভাবে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা পুরুষ (২৮) হিসেবে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
মরদেহের পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিলে। মুখে হালকা দাড়ি, হাতে ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। মরদেহের সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয়। পরে তার পরিচয় জানা যায়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রয়েছে বলে টঙ্গী নৌ পুলিশের ইনচার্জ জানিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও তাহসিফ ছড়িয়ে দিয়েছিলেন বলে আলোচনা আছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি।