মনিরুল ইসলাম : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত ৩টা) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বিকেল ৫টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এই ভাষণকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, এই ভাষণের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে আবারও উচ্চারিত হবে বাংলা ভাষা, যা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতির প্রতিফলন ঘটাবে। তিনি বলেন, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবার বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলা ভাষায় জাতির কথা তুলে ধরবেন এবং নতুন ইতিহাসের সূচনা করবেন।
বুধবার (নিউইয়র্ক সময়) সন্ধ্যায় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাহদী আমিন এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি তুলে ধরতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই ভাষণ শুধু একটি কূটনৈতিক বক্তব্যই নয়, বরং এটি হবে বাংলাদেশের জনগণের সম্মিলিত চাওয়া-পাওয়ার প্রতিফলন। বিশ্ব নেতাদের সামনে দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার দিকনির্দেশনাও এতে উঠে আসবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের এই অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও আগ্রহ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাংলা ভাষায় এই ভাষণ বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় ও ভাষার মর্যাদাকে বিশ্ব দরবারে আরও সুদৃঢ় করবে বলেও আশা করা হচ্ছে।