গঙ্গার পানি বণ্টনে ‘নতুন চুক্তি’ চায় বাংলাদেশ: গ্যারান্টি ক্লজের দাবি
মনিরুল ইসলাম : পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়নের পরিবর্তে নতুন করে একটি চুক্তি বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ। এই নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করে দেশের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে নদী বিষয়ক এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি জানান, চলতি বছরেই গঙ্গা নদীর পানি বণ্টন সংক্রান্ত দুই দেশের বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ প্রেক্ষাপটে চুক্তিটি নবায়ন করা হবে, নাকি সম্পূর্ণ নতুন কাঠামোয় চুক্তি হবে—তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো নদী। কৃষি, শিল্প ও নৌ-যোগাযোগ—সব ক্ষেত্রেই নদীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে অপরিকল্পিত শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের নদ-নদীগুলো হুমকির মুখে পড়ছে।
নদীদূষণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে তা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে।
সংলাপে বিশেষজ্ঞরা নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়ন, আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য হিস্যা নিশ্চিতকরণ এবং দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।