মনিরুল ইসলাম : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ জাবের। এছাড়া ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল এবং সাবেক ক্রীড়ালেখক সেলিম নজরুল হক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে একটি ‘সিড মানি’ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার লভ্যাংশ দিয়ে তারা নিয়মিত খেলাধুলা পরিচালনা করতে পারবে। একই ধরনের সহায়তা ডিআরইউকেও দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে, যাতে সাংবাদিকদের ক্রীড়া আয়োজন আরও সহজ হয়।
বিশেষ অতিথির বক্তব্যে আবদুল্লাহ জাবের বলেন, খেলাধুলা যুব সমাজকে এগিয়ে নেওয়ার অন্যতম শক্তি। এটি যেমন শারীরিক সুস্থতা নিশ্চিত করে, তেমনি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিআরইউর এ উদ্যোগ প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, সাংবাদিকরা শুধু কলমেই নয়, খেলাধুলাতেও নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন। এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে সরকারের সহযোগিতা প্রয়োজন।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সংগঠনটি শুধু পেশাগত বিষয়েই সীমাবদ্ধ নয়, সদস্যদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। তিনি জানান, বছরজুড়ে বিভিন্ন ক্রীড়া আয়োজনের পাশাপাশি সামনে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ডিআরইউর ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘সিড মানি’ প্রয়োজন। এ জন্য সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা কামনা করেন তিনি।
এবারের ক্রীড়া উৎসবে ১৫টি ইভেন্টে প্রায় তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সেরা পুরুষ ক্রীড়াবিদ হিসেবে এশিয়ান টিভির বাতেন বিপ্লব শফিকুল কবির ট্রফি অর্জন করেন। সেরা নারী ক্রীড়াবিদ হিসেবে দি প্রেসেঞ্জা নিউজ এজেন্সির জাহিদা পারভেজ ছন্দা এম আনোয়ারুল হক ট্রফি লাভ করেন।